হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র্যাম্পে ওঠার সময় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ এর দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত তিনজন হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল।
আহতরা হলেন—কর্পোরাল সিফাত, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র অফিসার আবুল খায়ের। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাত ১০টা ২০ এর দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের ২য় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত এবং চার সদস্য আহত হন।
দুর্ঘটনার পরপরই নিহত ও আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় স্থানান্তর করা হয়েছে।