শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৭:১৮ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র দেড় কেজির শরীরে সিংহের মতো সাহস, শিয়ালকেও ভয় দেখায় যে বিড়াল

দক্ষিণ আফ্রিকার শুকনো তৃণভূমি আর বালুময় মরুভূমির বুক চিরে টিকে আছে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি—কালো পায়ের বিড়াল, যার বৈজ্ঞানিক নাম ফেলিস নিগ্রিপেস। মাত্র এক থেকে আড়াই কেজি ওজন আর উচ্চতায় মাত্র ২০ সেন্টিমিটারের এই ক্ষুদ্র প্রাণীটি আফ্রিকার সবচেয়ে ছোট বন্য বিড়াল।

দেখতে শান্ত মনে হলেও কালো পায়ের এই বিড়াল শিকারে বেশ পটু। নিজের সমান আকারের শিকারও মুহূর্তের মধ্যে ধরে নিস্তেজ করে ফেলতে পারে।

কানাডার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর এনডেঞ্জার্ড ক্যাটসের (আইএসইসি) গবেষণায় উঠে এসেছে দুর্লভ প্রজাতির এই বিড়ালের নানা তথ্য। একইসঙ্গে এর সংখ্যা কমে যাওয়া ও সংরক্ষণ কেন জরুরি তাও তুলে ধরা হয়েছে এই গবেষণায়।

ক্ষুদ্র কিন্তু দুর্দান্ত এক যোদ্ধা

Advertisement

বিশ্বের সবচেয়ে ছোট বন্য বিড়ালদের মধ্যে কালো পায়ের বিড়াল অন্যতম। লম্বায় এটি ৩৬ থেকে ৫২ সেন্টিমিটার, যা একটি সাধারণ স্কেলের চেয়ে সামান্য কিছুটা বড়। একটি স্কেল সাধারণত ৩০ সেন্টিমিটার হয়। এই বিড়ালের ওজন এক থেকে আড়াই কেজির মধ্যে হয়।

কিন্তু এই ছোট শরীরের ভেতরে লুকিয়ে আছে অবিশ্বাস্য এক অভিযোজন ক্ষমতা, যা এই বিড়ালকে এর বাস্তুতন্ত্রের অন্যতম দক্ষ শিকারিতে পরিণত করেছে।

বৈশিষ্ট্য

এই বিড়ালের পায়ের তলায় রঙ কালো হলেও শরীরের বাকি অংশের রঙ ফ্যাকাশে সোনালি থেকে গাঢ় বাদামি এবং এর ওপরে কালো বা বাদামি দাগ কিংবা দাগযুক্ত রেখা থাকে। তবে পেটের অংশ সাদা।

মাথা বেশ প্রশস্ত। কানও বেশ বড় ও কিছুটা গোলাকার। খোলা প্রান্তরে ক্ষুদ্র শিকারের অবস্থান বের করতে সাহায্য করে এদের এই গোলাকার কান। পায়ের তলার ঘন লোম একে তপ্ত বালু থেকে রক্ষা করে।

মূলত পায়ের তলার কালো অংশ থেকেই এর নাম হয়েছে ‘ব্ল্যাক-ফুটেড’ বা কালো পায়ের বিড়াল। 

আবাসস্থল

কালো পায়ের বিড়াল কেবল আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে নামিবিয়া ও নামিবিয়ার পূর্বে স্থলবেষ্টিত দেশ বোতসোয়ানা এবং দক্ষিণ আফ্রিকার তৃণভূমি ও আধা-মরুভূমিতে বাস করে।

আফ্রিকার এই তিন দেশজুড়ে বিস্তৃত বালুময় প্রান্তর ও শুষ্ক তৃণভূমির অঞ্চল, যা কালাহারি নামে পরিচিত এবং দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ আধা-শুষ্ক এলাকা, যা কারু অঞ্চল নামে পরিচিত—এখানেই কালো পায়ের বিড়ালের বসবাস।

এর দেহের রঙ ও দাগ মিলেমিশে একাকার হয়ে যায় শুষ্ক মাটি ও বালুময় প্রান্তরের সোনালি ছোঁয়ার সঙ্গে।

শিকারি জীবন

আফ্রিকার অঞ্চলের এই ক্ষুদে শিকারিরা ‘অ্যানথিল টাইগার’ বা ‘মিয়ারশুপটিয়ার’ নামেও পরিচিত।

অ্যানথিল টাইগার ও মিয়ারশুপটিয়ারের অর্থ হলো ‘উইপোকার ঢিবির বাঘ’। উইপোকার ঢিবিতে বেশি আশ্রয় নেওয়ার অভ্যাসের জন্য এদের এই নাম দেওয়া হয়েছে।

এরা রাতে সক্রিয় থাকে। দিনে লুকিয়ে থাকে উইপোকার পরিত্যক্ত কোনো ঢিবি বা গর্তে। রাত নামলেই শুরু হয় এদের শিকার অভিযান।

গবেষণায় বলা হয়, কালো পায়ের একেকটি বিড়াল বছরে প্রায় তিন হাজারের বেশি ইঁদুর মেরে ফেলে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের উল্লেখযোগ্য ভূমিকা আছে।

বিচিত্র খাদ্যাভ্যাস

এই বিড়ালের খাবারের প্রায় ৭২ ভাগই ছোট স্তন্যপায়ী প্রাণী। যেমন—ইঁদুর, পাখি, পোকামাকড়, এমনকি প্রাপ্তবয়স্ক ‘কেপ হেয়ার’ নামের খরগোশও এদের শিকারে পরিণত হয়, যা ওজনে প্রায় বিড়ালটির সমান।

শিকার ধরার কৌশল

গবেষণায় জানা গেছে, শিকার ধরার জন্য কোনো কোনো সময় এরা শিকারের গর্তের সামনে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে।

কখনো আবার ঘাসের আড়ালে থেকে দ্রুত দৌড়ে পাখি ধরে। এরা এক লাফে দুই মিটার দূরত্ব পর্যন্ত যেতে পারে এবং দেড় মিটার পর্যন্ত উচ্চতায় উঠতে পারে।

পানি ছাড়া টিকে থাকা

এরা সাধারণত শিকার থেকেই প্রয়োজনীয় পানি পায়, তবে আশেপাশে পানি থাকলে পান করতেও দ্বিধা করে না।

নির্ভীকতা

গবেষকরা একাধিকবার দেখেছেন, শিকার আকারে বড় হলেও সহজে পিছু হটে না কালো পায়ের এই বিড়াল।

জানা গেছে, একবার এক ক্ষুদ্র কালো পায়ের বিড়াল এর চেয়ে তিনগুণ বড় একটি শিয়ালকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিল। এ যেন ক্ষুদে শরীরে সিংহের সাহস!

জীবনচক্র: মাতৃত্ব ও বংশবিস্তার

কালো পায়ের বিড়াল সাধারণত একা থাকে, কেবল প্রজনন মৌসুমেই এরা বিপরীত লিঙ্গের সঙ্গে একত্রিত হয়। এদের জীবনচক্র মরুভূমির কঠিন পরিবেশের সঙ্গে নিখুঁতভাবে খাপ খাইয়েছে।

প্রজনন

একটি স্ত্রী কালো পায়ের বিড়াল সাধারণত বছরে একবার দুটি বাচ্চার জন্ম দেয়। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে একটি স্ত্রী বিড়াল বছরে দুবার বাচ্চার জন্ম দিতে পারে। এটি নির্ভর করে শিকারের প্রাপ্যতা ও পরিবেশের ওপর।

এরা সাধারণত মাটির নিচের গর্ত বা উইপোকার ঢিবিতে বাচ্চা দেয়।

মাতৃত্বের নিখুঁত সতর্কতা

মা বিড়াল নিয়মিতভাবে বাসা পরিবর্তন করে শত্রুর আক্রমণ থেকে সন্তানদের বাঁচায়।

বাচ্চাদের বেড়ে ওঠা

জন্মের এক সপ্তাহ পরই এরা চোখ খোলে, দুই থেকে তিন মাসের মধ্যেই শিকার ধরতে শেখে এবং সাধারণত তিন থেকে চার মাসের মধ্যেই স্বাধীন হয়ে যায়।

বেঁচে থাকার কৌশল

শত্রুর উপস্থিতি টের পেলে মা বিড়াল বাচ্চাদের সংকেত দেয়, যাতে তারা বিচ্ছিন্ন হয়ে যায় এবং কোনো এক জায়গায় স্থির হয়ে বসে থাকে। উন্মুক্ত প্রান্তরে এই কৌশলই এদের বাঁচিয়ে রাখে।

এসব প্রবৃত্তি প্রমাণ করে, কঠিন পরিবেশেও টিকে থাকার জন্য প্রকৃতি কী অসাধারণ বুদ্ধিমত্তা দিয়েছে এই ক্ষুদ্র প্রাণীদের।

বিলুপ্তির ছায়া ও সংরক্ষণের প্রয়াস

দুর্দান্ত অভিযোজন ক্ষমতা থাকা সত্ত্বেও কালো পায়ের বিড়াল এখন বিলুপ্তির পথে। আন্তর্জাতিকভাবে এটি ‘সংকটাপন্ন’ প্রাণী হিসেবে তালিকাভুক্ত।

বাসস্থানের ধ্বংস

অতিরিক্ত পশুচারণে তৃণভূমি নষ্ট হচ্ছে। ফলে ইঁদুর ও পাখির সংখ্যা কমে যাচ্ছে—যা বিড়ালের প্রধান খাদ্য।

বিষ প্রয়োগের ঝুঁকি

কৃষকেরা প্রায়ই শিয়াল বা ক্যারাকাল নামের বন্য বিড়াল মারার জন্য বিষাক্ত খাবার ব্যবহার করে। কালো পায়ের বিড়ালরা ওই মৃতদেহ খেয়ে নিজেরাও মারা পড়ে।

পোকামাকড় নিধনে কীটনাশক

মরুভূমিতে পঙ্গপাল নিধনে ব্যবহৃত রাসায়নিক বা কীটনাশক এদের খাদ্যশৃঙ্খলকে ক্ষতিগ্রস্ত করছে।

মানবসৃষ্ট সংঘাত

অনেক সময় মানুষের পোষা কুকুরও এই ক্ষুদ্র বন্য বিড়ালদের মেরে ফেলে।

সংরক্ষণবিদরা নামিবিয়া ও বোতসোয়ানায় আরও গবেষণার পরামর্শ দিয়েছেন, যাতে এদের বাসস্থান, আচরণ ও বংশবিস্তার বিষয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়।

তবে জার্মানির ভুপার্টাল চিড়িয়াখানার মতো স্থানে সফলভাবে চলছে এই বিড়ালের প্রজনন কর্মসূচি, যা ভবিষ্যতের জন্য আশার আলো জ্বেলে দিচ্ছে।

প্রকৃতির ক্ষুদ্র এক বিস্ময়

কঠিন মরুভূমির বুকেও সাহস, অভিযোজন আর বেঁচে থাকার লড়াইয়ের এক জ্বলন্ত প্রতীক হলো কালো পায়ের বিড়াল। মাত্র দেড় কেজির এই প্রাণীটি যেন প্রমাণ করে, প্রকৃত সাহস দেহের আকারে নয়, বরং মনোবলে মাপা হয়।

এদের চোখের আগুনে, একাকী রাতের নিস্তব্ধতায় আর খুদে থাবার আঘাতে লুকিয়ে আছে এক বন্য সৌন্দর্যের গল্প—যা আমাদের মনে করিয়ে দেয়, ক্ষুদ্রতম প্রাণও সিংহের মতো হৃদয় নিয়ে জন্মায়।

সূত্র: দ্য ডেইলি স্টার

  • সর্বশেষ