শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা ◈ মেলিওডোসিসে মৃত্যুঝুঁকির সঙ্গে সম্পর্কিত ২ জিনগত পরিবর্তন শনাক্ত করলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ◈ বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বাড়াতে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ 'আরব আমিরাত ও সৌদি আরবসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে'  ◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচনের লক্ষ্যে সংবিধান প্রণয়নের পথে শ্রীলঙ্কা ◈ ভারতের কাছে ১৩ গোলের লজ্জায় বাংলাদেশ ◈ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার ◈ ঢাকার পাতাল মেট্রোরেল নির্মাণে ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান ◈ নভেম্বরের মধ্যে বন্ধ তিন সার কারখানা চালুর উদ্যোগ সরকারের ◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৫২ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আলভারেজকে নিয়ে বিতর্ক, বার্সেলোনার জরিমানা!

‌স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা করতে গিয়ে জরিমানার মুখে পড়েছে বার্সেলোনা। অ্যাতলেতিকো মাদ্রিদের অভিযোগের ভিত্তিতে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ) কাতালান ক্লাবটিকে ৬০২ ইউরো জরিমানা করেছে।

অভিযোগ, অ্যাতলেতিকো মাদ্রিদকে লিখিতভাবে না জানিয়েই তাদের ফরোয়ার্ড আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা। বিষয়টি স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষকে জানায় মাদ্রিদের ক্লাবটি। পরে এ অভিযোগের ভিত্তিতে বার্সেলোনাকে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলভারেজকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল বার্সেলোনা। অন্যদিকে, আর্জেন্টাইন এই ফরোয়ার্ডও অ্যাতলেতিকো ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শেষ পর্যন্ত তাঁকে ধরে রাখতে পেরেছে দিয়েগো সিমিওনের দল। আলভারেজের সঙ্গে অ্যাতলেতিকোর চুক্তির মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত।

বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি বিষয়টি ফিফার কাছেও তুলে ধরেছিল অ্যাতলেতিকো। তবে ফিফা জানিয়ে দেয়, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের নেই।

Advertisement

আলভারেজকে ঘিরে দলবদলের আলোচনা থেকে অ্যাতলেতিকো সমর্থকদের সঙ্গে তাঁর দূরত্বও তৈরি হয়েছিল। বিশ্বকাপ চলাকালে তাঁর করা মন্তব্যে ক্ষুব্ধ হন সমর্থকেরা। এমনকি ঘরের মাঠেও দুয়ো শুনতে হয় ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

সম্প্রতি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে আলভারেজ স্বীকার করেন, মন্তব্য করার ধরন ও সময় ঠিক ছিল না। সমর্থকদের ক্ষোভের কারণ বুঝতে পারছেন বলেও জানান তিনি। কঠিন সময়ে সমর্থকদের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন আর্জেন্টাইন তারকা। পরে দিপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচজয়ী গোল করে সমর্থকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পান তিনি। ওই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে অ্যাতলেতিকোর ব্যবধান কমে দাঁড়ায় দুই পয়েন্টে।

বার্সেলোনার জন্য অবশ্য এ ধরনের অভিযোগ নতুন নয়। ২০১৯ সালে ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যানকে দলে নেওয়ার সময়ও একই ধরনের অভিযোগ তুলেছিল অ্যাতলেতিকো। সে ঘটনায় বার্সেলোনাকে ৩০০ ইউরো জরিমানা দিতে হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।