শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে হট ফেবারিট না হ‌য়েও ট্রফি জিত‌বে ব্রাজিল: কা‌সেমি‌রো 

স্পোর্টস ডেস্ক : ১১ জুন পর্দা উঠছে বিশ্বকাপের। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হওয়ার আগে ফুটবলবোদ্ধারা আলোচনায় মেতেছেন কে কতটা এগিয়ে বিশ্বজয়ের মুকুট মাথায় চড়াতে। মাঠের লড়াই শুরুর আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে এবার ‘হট-ফেবারিট’ মানছেন না অনেকেই। বাজির দলে স্পেন, ফ্রান্স কিংবা আর্জেন্টিনার মতো দলের চেয়ে পিছিয়ে সেলেসাওরা। তবে ফেবারিট না হওয়াকেই দলের জন্য বড় ‘প্লাস পয়েন্ট’ ভাবছেন কাসেমিরো। অভিজ্ঞ এই মিডফিল্ডারের মতে, লাইমলাইটের আড়ালে এক ধাপ পিছিয়ে থেকে শুরু করাটাই চাপমুক্ত ব্রাজিলকে বেশি বিপজ্জনক করে তুলবে।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপের এই অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো সেলেসাওদের হয়ে ইতিমধ্যে ৮৪টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৮টি। আবারও বিশ্বমঞ্চের দলে ডাক পেয়ে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি এই তারকা।

কাসেমিরো বলেন, ‘জাতীয় দলে ডাক পাওয়া আর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলতে পারার অনুভূতিই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের। এটা একদম ছোটবেলার স্বপ্ন, যা আসলে মুখে বলে বোঝানো সম্ভব নয়। কেবল যারা এখানে আসার সুযোগ পায়, সেই মানুষ আর খেলোয়াড়েরাই জানে এই আনন্দের গভীরতা কতখানি। কোনো সন্দেহ নেই, এটি একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।

ব্রাজিল দল অন্য ফেবারিটদের চেয়ে ‘এক ধাপ পিছিয়ে’ আছে বলেই বিশ্বাস করেন সেলেসাও মিডফিল্ডার কাসেমিরো। তবে মাঠের লড়াই শুরুর আগে এই পিছিয়ে থাকাটাই দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নিয়েছে ব্রাজিল, পাঁচবার ট্রফি জিতে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও তারা। অথচ দীর্ঘ ২৪ বছর ধরে এই সোনালী ট্রফিটা ছোঁয়া হয়নি তাদের। আর তাই জুয়াড়িদের বাজির দরেও এবার ইউরোজয়ী স্পেন, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে আছে ব্রাজিল। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলতে যাওয়া এই টুর্নামেন্টে ব্রাজিলকে তাই হট-ফেবারিট মানছেন না অনেকেই।

মঙ্গলবার দল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ফিফার মিডিয়া চ্যানেলের সঙ্গে আলাপকালে কাসেমিরো বলেন, ‘আমরা কিন্তু এবার টুর্নামেন্টের মূল ফেভারিট নই। তবে অবশ্যই আমরা বেশ ভালো ছন্দে আছি। আমাদের স্কোয়াডটা বেশ শক্তিশালী, যেখানে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার দারুণ এক মিশ্রণ আছে।’

তিনি আরও যোগ করেন, ‘হয়তো এবার আমরা (অন্য ফেবারিটদের চেয়ে) এক ধাপ পিছিয়ে থেকেই শুরু করছি; তবে আমরা প্রত্যেকে ভীষণ সতর্ক ও মনোযোগী, যা দলের জন্য সবসময়ই ইতিবাচক। আমরা একদম চাঙ্গা হয়ে মাঠে নামতে চাই এবং একটি দুর্দান্ত বিশ্বকাপ উপহার দিতে চাই।

৩৪ বছর বয়সী ফুটবলার মিডফিল্ডার স্বীকার করেছেন, বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ল্যাটিন আমেরিকার এই পরাশক্তিদের বেশ ‘কঠিন এক সময়’ পার করতে হয়েছে। গত বছরই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নতুন সভাপতি নির্বাচন করার পাশাপাশি ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়। এরপর দলের মধ্যে  অনেক পরিবর্তনের হাওয়াও দেখা গেছে। কাসেমিরো আরও বলেন, ‘কোচ বদল, নতুন সভাপতি আসা এবং মাঠের বাইরের নানামুখী অস্থিরতার কারণে বিগত সময়টা আমাদের জন্য আসলেই বেশ কঠিন ছিল।’

তিনি যোগ করেন, ‘নতুন কোচের অধীনে আমরা মোটে একটা বছর পার করেছি। ফুটবল অঙ্গনে তার অভিজ্ঞতা অবিশ্বাস্য রকমের সমৃদ্ধ হলেও, বাস্তবতার নিরিখে আমরা সবাই একসঙ্গে মাঠের অনুশীলনে মাত্র ৪০টি দিন কাটিয়েছি। তবে আমার বিশ্বাস, আমরা একদম শক্তিশালী রূপেই টুর্নামেন্ট শুরু করতে পারব।

নিজেদের শক্তি নিয়ে আশাবাদী কাসেমিরো শেষে বলেন, ‘আমাদের স্কোয়াডে বিশ্বমানের ফুটবলার আছে; অভিজ্ঞদের পাশাপাশি একঝাঁক উদ্যমী ও তরুণ প্রতিভাও আছে। আমার মনে হয় এই টুর্নামেন্টে লড়াই করার মতো দারুণ একটা কম্বিনেশন আমাদের তৈরি হয়েছে।’

আগামী ১৩ জুন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপে নিজেদের গ্রুপ 'সি'-এর অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর ১৯ জুন পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াতে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। আর ২৪ জুন ফ্লোরিডার মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের লড়াই শেষ করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়