সালেহ্ বিপ্লব: [২] দেশের নারী উদ্যোক্তাদের জয়িতা ব্রান্ডের আওতায় নানামুখী ব্যবসা উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায় সরকার। সেই লক্ষ্যে ধানমন্ডিতে অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধা সম্বলিত জয়িতা টাওয়ার নির্মাণ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণলায়ের আওতাধীন জয়িতা ফাউন্ডেশন।
[৩] জয়িতা টাওয়ারে ইউনিভার্সেল এক্সেসিবিলিটিসহ দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত বিভিন্ন ধরণের পণ্য, সাপ্লাই চেইন এবং সেবা বিপণনের সুবিধা বিদ্যমান থাকবে।
[৪] এ ভবনে নারী উদ্যোক্তাদের জ্ঞান, দক্ষতা, ব্যবসা ব্যবস্থাপনা ও বিকাশ কৌশল ভিত্তিক প্রশিক্ষণের জন্য ভৌত অবকাঠামোগত সুবিধাদির সংস্থান রাখা হয়েছে। এখানে রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা এবং সুপরিসর লবি। এছাড়া ভবনটিতে জয়িতা ফাউন্ডেশনের থাকবে সদর দপ্তর। জয়িতা আইকনিক টাওয়ারে রয়েছে শিশু দিবাযত্ন কেন্দ্র, ডিজাইন সেন্টার, বিউটি পার্লার, নারীদের জন্য জিমনেসিয়াম, মহিলা ও শিশুদের জন্য সুইমিং পুল, মাল্টিপারপাস হল, সেমিনার হল, ব্যাংক, ফুড-কোর্ট ও ক্যাফে। চালু করা হয়েছে ই-জয়িতা অনলাইন মার্কেট প্লেস।
[৫] প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকাল ১০টায় জয়িতা টাওয়ারের উদ্বোধনী ফলক উন্মোচন, জয়িতা টাওয়ারে স্থাপিত জামদানী গ্যালারী ও জয়িতা মার্কেট প্লেস উদ্বোধন করবেন।
[৬] অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। স্বাগত বক্তব্য রাখবেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।