শিরোনাম
◈ ঢালাও ভিসা-মুক্ত প্রবেশ মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড, ফিরছে কঠোর নিয়ম ◈ মোদিকে প্রশ্ন করে ভাইরাল হওয়া সেই সাংবাদিক সম্পর্কে যা জানা গেল (ভিডিও) ◈ রংপুরে গরুর থাকছে আবাসিক হোটেলে, মিলছে নিরাপদ আশ্রয়, গরুপ্রতি ৫০ টাকা নেওয়া হয় ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: আনসার-ভিডিপি সমাবেশে তারেক রহমান ◈ ভারতে যেভাবে কামাল মাওলা মসজিদ হয়ে গেল মন্দির: আল জাজিরা অনুসন্ধান ◈ ইরান কি বিশ্বকাপে খেলবে, কী করতে চাইছে ফিফা ও যুক্তরাষ্ট্র? ◈ চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইনের কাজ শেষ, জুনের শেষে পুরোদমে জ্বালানি সরবরাহ ◈ হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু ◈ সরকারি চাকরিজীবীদের বেতন কত, কোন গ্রেডে কী কী ভাতা ও সুবিধা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিস্তা প্রকল্পে আসছে বড় সংশোধন

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৬:০৫ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী

আগামী পাঁচ বছরে পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।

আজ মঙ্গলবার সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাফল্যের কথা তুলে ধরেন।

শূন্য পদে নিয়োগ প্রসঙ্গে সচিবালয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদ পূরণের তথ্য এবং নিয়োগের সময়ভিত্তিক পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে।’

মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে জ্বালানি সংকট সফলভাবে উত্তরণ এবং ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।’

তিনি আরও জানান, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতে ইতোমধ্যে ফুয়েল কার্ড চালু করা হয়েছে। বর্তমানে সারাদেশে মোট ৩ লাখ ৮৭ হাজার ২১১টি যানবাহন ফুয়েল পাস সিস্টেমে নিবন্ধিত হয়েছে। সারাদেশে মোট ২২৩টি ফিলিং স্টেশন এ কার্যক্রমের আওতায় এসেছে।’

দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইষ্টার্ন রিফাইনারীর সক্ষমতা বাড়াতে এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘২০২৯ সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম চালু করা হবে। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে আগামী মাসে।’

সমুদ্রাঞ্চালে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি। বলেন, ‘৭ মে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে “অফশোর মডেল পিএসসি ২০২৬” অনুমোদিত হয়েছে। এ মাসের মধ্যেই অফশোর বিডিং রাউন্ড ঘোষণা করা হবে।’

সরকার ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ (১০ হাজার মেগাওয়াট) নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বলে জানান স্বপন। তিনি বলেন, ‘৭ এপ্রিল সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার বিষয়ক গাইডলাইন, ২০২৬ চূড়ান্ত করা হয়েছে।’

‘বেসরকারি খাতে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে মোট ৪৯৫ মেগাওয়াট ক্ষমতার মোট ১০টি বিদ্যুৎকেন্দ্রের পিপিআর-২০২৫ অনুসরণে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহবান করা হয়েছে।’

পাশাপাশি ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

শিক্ষা খাতে চলতি অর্থবছরের তুলনায় ৫২ দশমিক ৯২ শতাংশ বেশি বরাদ্দ আসছে বলে জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষাখাতে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে ২০ হাজার ৮৩৫ দশমিক ৪৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’

তিনি জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় ছয় হাজার ৯২৮টি মাধ্যমিক বিদ্যালয় ও তিন হাজার ৪১২টি মাদ্রাসাসহ মোট ১০ হাজার ৩৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার ৬৮০টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।

দেশের ১৫টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে এবং ১১টি বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল লাইব্রেরি কার্যক্রম চলছে, জানান তিনি।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নিয়োগের জন্য সারাদেশ থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।

ক্লাসে উত্তীর্ণ হওয়ার পর কোনো শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে ভর্তির জন্য নতুন করে ফি দিতে হবে না বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘লটারির পরিবর্তে আধুনিক ভর্তি পরীক্ষা বা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভর্তি, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব স্তরের শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার লক্ষ্যে রাষ্ট্রীয় অর্থনৈতিক সহায়তায় সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নয় হাজার ধর্মীয় শিক্ষক এবং শূন্য পদগুলোতে বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়