দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল রোববার এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানায়।
১৩ সদস্যের এ কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সহসভাপতি এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টাকে প্রধান সমন্বয়ক রাখা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
নতুন সরকার গঠনের পর বিভিন্ন খাতে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।
তবে দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ ধরনের নামের কোনো কমিটি আগের কোনো সরকারের সময় ছিল না।
কমিটির কর্মপরিধি: দেশের নিরাপত্তার পরিস্থিতি সার্বিকভাবে মূল্যায়ন করতে জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি, ক্ষেত্র ও পরিধি নির্ধারণের পাশাপাশি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকিকরণ এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থাগুলোর কার্যপরিধি এবং ক্ষেত্র নির্ধারণ করবে কমিটি।
প্রয়োজনে প্রচলিত আইন ও বিধি-বিধান সংশোধনের পাশাপাশি নতুন আইন ও বিধি-বিধান প্রণয়নে সুপারিশ এবং অনলাইন প্ল্যাটফর্ম নিয়মিতভাবে তদারকির ব্যবস্থা নেবে এ কমিটি।
এছাড়া গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ও নির্দেশনা দেবে কমিটি।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এ কমিটির সচিবালয় সংক্রান্ত প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুবিধা দেবে।
সদস্য কারা: মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, ডিজিএফআই, এনএসআই, বিজিবি, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালকসহ স্পেশাল ব্রাঞ্চ অব পুলিশের (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।
এছাড়া কমিটিকে সহায়তাকারী হিসেবে চারজন অফিসারকে হিসেবে রাখা হয়েছে—সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, স্পেশাল সিকিউরিটি ইউনিটের (এসএসইউ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা।
কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।