শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রিনল্যান্ড ইস্যুতে ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ডেনমার্ক: প্রধানমন্ত্রী

গ্রিনল্যান্ড নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ডেনমার্ক ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর এই মন্তব্য করলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবরটি জানিয়েছে।  

ডেনমার্কের রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বিতর্কে ফ্রেডরিকসন বলেন, “এটি সিদ্ধান্ত গ্রহণের মুহূর্ত। এই সময়ে নেওয়া সিদ্ধান্তের গুরুত্ব শুধু গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়েই সীমাবদ্ধ নয়।” পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মেরু অঞ্চলই হোক, আর যেখানেই হোক, আমরা আমাদের মূল্যবোধ রক্ষায় প্রস্তুত। আমরা আন্তর্জাতিক আইন এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।”

রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান তৎপরতার মুখে খনিজসম্পদসমৃদ্ধ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি, এমন দাবিই ট্রাম্পের অবস্থানের মূল যুক্তি। তবে এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের হুমকির নিন্দা করে বলেন, গ্রিনল্যান্ড দখল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে এবং অন্য দেশগুলোকে একই পথে হাঁটার জন্য উৎসাহিত করতে পারে। তিনি ডেনমার্কের প্রতি সংহতির কথা তুলে ধরে বলেন, “সুইডেন, উত্তর ইউরোপের নর্ডিক দেশগুলো, বাল্টিক সাগরের তীরবর্তী রাষ্ট্রগুলো এবং ইউরোপের বেশ কয়েকটি বড় দেশ আমাদের ড্যানিশ বন্ধুদের পাশে রয়েছে।”

ওয়াশিংটনে বৈশ্বিক কাঁচামাল ইস্যুতে আলোচনার আগে জার্মানিও ডেনমার্কের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। আইসল্যান্ডে বৈঠকের সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়েডেহপুল মেরু অঞ্চলের নিরাপত্তাকে ন্যাটোর অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। এদিকে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন ন্যাটোর অধীনে মেরু অঞ্চলে নতুন ‘আর্কটিক সেন্ট্রি’ অভিযানের আহ্বান জানিয়েছেন, যা বাল্টিক ও পূর্ব ইউরোপের বিদ্যমান মিশনের আদলে গড়ে তোলা যেতে পারে। এতে গ্রিনল্যান্ডে রুশ ও চীনা প্রভাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগও কমানো যাবে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশের সামরিক প্রধানরা গ্রিনল্যান্ডে ন্যাটোর সম্ভাব্য সেনা, যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েনের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন, যাতে রাশিয়া ও চীনের হুমকি প্রতিরোধ করা যায়। যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হাইডি আলেকজান্ডার এ ধরনের আলোচনাকে স্বাভাবিক প্রক্রিয়া বলে বর্ণনা করেছেন, যা ক্রমেই দখলের জন্য প্রতিযোগিতাপূর্ণ হয়ে ওঠা এই অঞ্চলে আগ্রাসন মোকাবিলার অংশ।

১৯৫৩ সাল পর্যন্ত ডেনমার্কের উপনিবেশ থাকা গ্রিনল্যান্ড ১৯৭৯ সালে স্বায়ত্বশাসন অর্জন করে এবং বর্তমানে ডেনমার্ক থেকে আরও স্বাধীনতার বিষয়টি বিবেচনা করছে। সাম্প্রতিক জনমত জরিপে গ্রিনল্যান্ডের জনগণের মধ্যে যুক্তরাষ্ট্রের দখল পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিরোধিতা দেখা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়