স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত টাইম ম্যাগাজিনের ‘দ্য ১০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পিপল ইন স্পোর্টস ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন দুই ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা ও টেম্বা বাভুমা। ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র এই দুজনই জায়গা করে নিয়েছেন মর্যাদাপূর্ণ তালিকায়।
সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক সাফল্য ও নারীদের ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে বিশ্ব ক্রিকেটে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন তিনি।
নারী আন্তর্জাতিক ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। ফ্র্যাঞ্চাইজি লিগেও দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে নেতৃত্ব দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। জিতিয়েছেন দুটি নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ট্রফি।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে কেবল ক্রিকেটার নয়, পরিবর্তনের প্রতীক হিসেবেও মূল্যায়ন করেছে টাইম ম্যাগাজিন। দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক তিনি। পাশাপাশি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি।
তার নেতৃত্বেই গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘদিন পর বৈশ্বিক সাফল্য এনে দেওয়া বাভুমার নেতৃত্ব ও সংগ্রামী মানসিকতাকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছে ম্যাগাজিনটি।