শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের গোপন সূচক হাতের মুঠোর শক্তি

জার খোলার সময় ঢাকনায় চাপ দেওয়া, বাজারের ব্যাগ বহন করা, দরজা ঠেলা কিংবা হোঁচট খেলে নিজেকে সামলে নেওয়ার মতো সাধারণ কাজগুলোতে আমরা প্রতিদিন হাতের শক্তির ওপর নির্ভর করি। কিন্তু এই হাতের মুঠোর শক্তি—যাকে গ্রিপ স্ট্রেংথ বলা হয়—শুধু দৈনন্দিন কাজেই নয়, ভবিষ্যতের স্বাস্থ্য ও আয়ুর ইঙ্গিত দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, একজন মানুষ কতটা জোরে হাত মুঠো করতে পারেন, তার সঙ্গে সামগ্রিক স্বাস্থ্য, বয়সজনিত পরিবর্তন এমনকি মৃত্যুঝুঁকিরও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ক্যানসাস স্টেট ইউনিভার্সিটির কাইনেসিওলজিস্ট পিট রোহলেডারের মতে, গ্রিপ স্ট্রেংথ দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের একটি অত্যন্ত অবহেলিত কিন্তু কার্যকর সূচক। মাত্র কয়েক সেকেন্ড হাত চেপে ধরার মাধ্যমেই বোঝা যায় একজন মানুষ কীভাবে চলাফেরা করেন, কী খান, কতটা বিশ্রাম নেন এবং সামগ্রিকভাবে তার জীবনযাপন কেমন।

গ্রিপ স্ট্রেংথ পরিমাপ করা হয় একটি বিশেষ যন্ত্র দিয়ে, যেখানে কিছুক্ষণ জোরে ধরতে হয়। এই সহজ পরীক্ষাটি শুধু হাতের পেশির শক্তিই নয়, বরং স্নায়ুতন্ত্র, জয়েন্ট, টেন্ডন, হৃদ্‌যন্ত্র ও শরীরের বিপাক ব্যবস্থার অবস্থাও ইঙ্গিত করে।

বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী গ্রিপ স্ট্রেংথ মানে হলো ভালো মানের পেশি, কার্যকর স্নায়ুতন্ত্র, পর্যাপ্ত রক্তপ্রবাহ ও অক্সিজেন সরবরাহ এবং ভালো ইনসুলিন সংবেদনশীলতা। এ কারণেই অনেক গবেষক গ্রিপ স্ট্রেংথকে রক্তচাপ বা বিএমআইয়ের মতো গুরুত্বপূর্ণ “ফাংশনাল ভাইটাল সাইন” হিসেবে বিবেচনা করছেন, যা অনেক ক্ষেত্রে আরও নির্ভরযোগ্য।

দীর্ঘায়ুর সঙ্গেও গ্রিপ স্ট্রেংথের সম্পর্ক স্পষ্ট। বিশ্বের বিভিন্ন বড় গবেষণায় দেখা গেছে, যাদের গ্রিপ স্ট্রেংথ কম, তাদের হৃদ্‌রোগ, ক্যানসারসহ নানা কারণে মৃত্যুঝুঁকি তুলনামূলক বেশি। ১৭টি দেশের প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের ওপর করা এক গবেষণায় দেখা যায়, ভবিষ্যৎ মৃত্যুঝুঁকি নির্ণয়ে গ্রিপ স্ট্রেংথ সিস্টোলিক রক্তচাপের চেয়েও কার্যকর সূচক হতে পারে।

আরও উল্লেখযোগ্য বিষয় হলো, দুর্বল গ্রিপ স্ট্রেংথ শরীরের ভেতরের জৈবিক বয়স বেশি হওয়ার ইঙ্গিত দেয়। ডিএনএ-ভিত্তিক গবেষণায় দেখা গেছে, যাদের গ্রিপ শক্তিশালী, অনেক সময় তাদের জৈবিক বয়স প্রকৃত বয়সের চেয়েও কম থাকে।

হাতের শক্তি ভালো হলে শরীর বড় কোনো অসুখ বা অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও বেশি। ক্লিভল্যান্ড ক্লিনিকের বিশেষজ্ঞ আরদেশির হাশমি জানান, গ্রিপ স্ট্রেংথ থেকে বোঝা যায় অসুস্থতার সময় শরীর কতটা ভালোভাবে পরিস্থিতি সামাল দিতে পারবে। গবেষণায় আরও দেখা গেছে, দুর্বল গ্রিপ স্ট্রেংথ থাকলে পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে, হাঁটার গতি কমে, সিঁড়ি ভাঙা ও দৈনন্দিন কাজে সমস্যা হয়। এমনকি মস্তিষ্কের স্বাস্থ্যের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। যাদের গ্রিপ শক্তিশালী, তাদের মধ্যে বিষণ্নতা ও উদ্বেগ কম দেখা যায় এবং মস্তিষ্কের গঠন তুলনামূলকভাবে সুস্থ থাকে।

হাতের মুঠোর শক্তি কোনো জিমে তোলা নম্বর নয়, বরং এটি শরীরের ভেতরের শক্তি ও সুস্থতার নির্ভরযোগ্য প্রতিফলন। আজ আপনি কতটা জোরে হাত চেপে ধরতে পারেন, সেটিই হয়তো বলে দিতে পারে ভবিষ্যতে আপনি কতটা সুস্থ থাকবেন। তাই পরের বার জার খুলতে বা কারও সঙ্গে হাত মেলাতে গিয়ে মনে রাখবেন—আপনি শুধু একটি কাজই করছেন না, বরং নিজের স্বাস্থ্যের একটি নীরব পরীক্ষাও দিচ্ছেন।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফি

  • সর্বশেষ
  • জনপ্রিয়