শিরোনাম
◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ১১:১৪ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫

বিবিসি: গত রবিবার হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি (আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) ইভেন্টে একটি বড় ধরনের হামলার ছক বানচাল করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সন্দেহভাজনরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন ধনকুবের ইলন মাস্কসহ বেশ কয়েকজনকে হামলার ছক কষছিলেন বলে দাবি করা হয় আদালতের নথিতে। তবে তাদের সবাই ইউএফসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

কৌঁসুলিরা জানিয়েছেন, বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে আশপাশের ভবনগুলোতে আঘাত হানা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর গুলি চালানোর পরিকল্পনা ছিল এই দলের।

গত সপ্তাহে ওহাইও অঙ্গরাজ্য থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার ফোন থেকে অন্যান্য ষড়যন্ত্রকারীর এনক্রিপ্টেড (গোপন) বার্তা উদ্ধার করেন তদন্তকারীরা। আদালতের নথিতে বলা হয়েছে, এই দলের সদস্যরা 'উগ্র ধর্মীয় এবং সরকারবিরোধী মনোভাব' প্রকাশ করেছিলেন।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযান নিয়ে লেখেন, 'পরিকল্পিত হামলাগুলো শুরু হওয়ার আগেই থামিয়ে দেওয়া হয়েছে।'

বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওহাইও থেকে গ্রেপ্তার টাইসেন সি প্রপার (১৯) ছাড়াও আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—ক্যালিফোর্নিয়ার ব্রায়ান ওমর রোয়া (২৪) ও মাইকেল অ্যালান থমাস (৩২), মিসৌরির ড্যানিয়েল কে এসক্রিজ (৩২) এবং নেব্রাস্কার আব্রাহাম হারমোসিলো আলভারেজ (৩১)। চার অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার এই পাঁচজনের বিরুদ্ধেই হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথিতে বলা হয়েছে, এই ষড়যন্ত্রকারীরা ড্রোনের মাধ্যমে অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে দিয়ে লোকজনকে স্নাইপার দলের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। এরপর হামলাকারীদের একটি দ্বিতীয় দল হোয়াইট হাউসের গেটে হামলা চালাবে বলে পরিকল্পনা ছিল।

গত রবিবার হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রায় ৪ হাজার ৩০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। 

টার্গেট ছিলেন ট্রাম্প-নেতানিয়াহু

আলভারেজের বিরুদ্ধে দায়ের করা আদালতের নথিতে বলা হয়েছে, এই দলের সম্ভাব্য টার্গেটের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন ধনকুবের ইলন মাস্ক এবং বেশ কয়েকজন নির্বাচিত কর্মকর্তা ছিলেন। তবে তাদের সবাই ইউএফসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

প্রপারের মাধ্যমেই এই হামলার ছকের কথা প্রথম জানতে পারে পুলিশ। ১০ জুন তার মা স্থানীয় কর্তৃপক্ষকে ফোন করে জানান যে, তার ছেলে প্রচুর আগ্নেয়াস্ত্র কিনছেন এবং তিনি অনলাইনে এমন একটি দলের সঙ্গে কথা বলছেন, যারা নিজেদের সাবেক সেনাসদস্য এবং খ্রিষ্টান হিসেবে দাবি করে।

কৌঁসুলিরা জানান, এই দলটি ইউএফসি অনুষ্ঠানে উপস্থিত ধনী ব্যক্তি এবং রাজনীতিকদের হত্যা করে দেশে একটি 'বিপ্লব' শুরু করতে চেয়েছিল। তারা 'সরকারি দুর্নীতি, এপস্টিন ফাইলের ব্যবস্থাপনা, ডেটা সেন্টারগুলোর পানি বেশি ব্যবহার এবং অন্যান্য সরকারি পদক্ষেপ' নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল।

এফবিআইয়ের নথিতে বলা হয়েছে, এই দলের সদস্যরা 'যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে চেয়েছিলেন, কারণ তাদের ধারণা ছিল দেশ ভুল পথে এগোচ্ছে।' নথিতে আরও বলা হয়, 'দলের সদস্যরা বিশ্বাস করতেন, যুক্তরাষ্ট্রকে নতুন করে গড়ে তুলতে হলে আগে এটিকে পুরোপুরি ধ্বংস করতে হবে।'

টিকটক থেকে সদস্য সংগ্রহ

১১ জুন এফবিআইয়ের জিজ্ঞাসাবাদের সময় প্রপার এই হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, মার্চ মাস থেকে টিকটকের একটি গ্রুপের মাধ্যমে তারা যোগাযোগ শুরু করেন। ওই গ্রুপের নাম ছিল 'ভ্যানগার্ড অব দি ওল্ড', যা কিছু নথিতে 'ভ্যানগার্ড অব দি ওল্ড রিপাবলিক' নামেও উল্লেখ আছে।

এই দলটি অন্য কোনো বড় বা প্রতিষ্ঠিত সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা এখনো অস্পষ্ট। তবে প্রপার পুলিশকে জানান, মূলত টিকটকের মাধ্যমেই সদস্য সংগ্রহ করা হতো।

যারা দলের অন্যান্য সদস্যের দ্বারা 'যাচাই-বাছাই' বা ভেটিং পার হতেন, তারাই কেবল সিগন্যাল নামের এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে আলোচনায় অংশ নিতে পারতেন। প্রধান চ্যাট গ্রুপে ১৯ জনের মতো সদস্য ছিল। এ ছাড়া কাজ বা অবস্থান অনুযায়ী চার-পাঁচজনের ছোট ছোট গ্রুপও ছিল।

থমাস চার স্তরের একটি অভিযানের পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে প্রথম স্তরে থাকবেন তারা, যারা আইন ভেঙে বা আত্মগোপনে গিয়ে 'দেশের জন্য আত্মত্যাগ' করবেন। আর চতুর্থ স্তরে থাকবেন তুলনামূলক কম সক্রিয় সদস্যরা, যারা মূলত অর্থদাতা ও ইনফ্লুয়েন্সার।

আদালতের নথিতে বলা হয়েছে, ওই দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা এবং শীর্ষ ব্যবসায়ীকে হত্যার বিষয়েও আলোচনা করেছিলেন। কিছু আইনপ্রণেতাকে টার্গেট করা হয়েছিল, কারণ 'দলের বিশ্বাস ছিল যে ওই রাজনীতিকেরা ইসরায়েলপন্থী লবির কাছ থেকে অর্থ নিয়েছেন।'

মঙ্গলবার ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এই হামলার ছক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি এ বিষয়ে কিছু শুনিনি।'

বিচার বিভাগ জানিয়েছে, হত্যার ষড়যন্ত্র প্রমাণিত হলে প্রতিটি সন্দেহভাজনের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে। 

গত রবিবার যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে হোয়াইট হাউসের 'দ্য ক্ল' নামের আউটডোর অ্যারেনায় ইউএফসি ম্যাচের আয়োজন করা হয়েছিল। দিনটি ছিল ট্রাম্পের ৮০তম জন্মদিন। অনুবাদ: টিবিএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়