সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অবশেষে দশম গ্রেডে বেতন দেওয়ার আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।
২০২৫ সালের ১৫ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদটি দশম গ্রেডে উন্নীত করা হয়। তবে নানা জটিলতায় দশম গ্রেড অনুযায়ী বেতন পাচ্ছিলেন না তারা। প্রায় ১০ মাস পর অবশেষে দশম গ্রেড পদ্ধতি অনুসরণ করার আদেশ জারি করা হলো।
সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে নির্ধারণ পদ্ধতি আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে যুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
তবে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারির তারিখের পূর্বের কোনো আর্থিক বকেয়া তারা প্রাপ্য হবেন না।