শিরোনাম
◈ আর্জেন্টিনা দ‌লের বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার ◈ কথা দিচ্ছি, আর্জেন্টিনায় বিশ্বকাপ ফিরিয়ে আনতে সবটুকু উজাড় করে দেবো: নি‌কোলাস পাজ ◈ দুইবা‌রের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাছাইপর্ব খেলা অপ্রত্যাশিত, বল‌লেন আ‌মির জাঙ্গু ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: আজও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন সহপাঠী-শিক্ষকরা ◈ মূলধন সংকটে বন্ধের মুখে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের চার শাখা ◈ চীনে জ্বালানির দাম ১২% বৃদ্ধি, বাংলাদেশসহ বৈশ্বিক অর্থনীতিতে বাড়ছে চাপ ◈ সরবরাহ স্বাভাবিক, তবু বাড়ছে ডলারের দর—তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ◈ আমদানি-রফতানি কমেছে, বেড়েছে বাণিজ্য ঘাটতি; স্বস্তি দিচ্ছে রেকর্ড রেমিট্যান্স ◈ স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল ◈ পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে নতুন চার বই

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ১১:৪৩ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে নতুন চার বই

২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে চারটি নতুন বই যুক্ত করতে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বই যুক্ত হবে।

একই সঙ্গে ষষ্ঠ থেকে দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইটিও প্রায় সম্পূর্ণ নতুনভাবে সাজানো হচ্ছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মিডিয়া লিটারেসি, সাইবার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো আধুনিক বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

এনসিটিবি সূত্র জানায়, ২০২৭ সালের পাঠ্যবই সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। জুলাইয়ের মধ্যেই এ কাজ শেষ করে বই মুদ্রণের প্রস্তুতি নেওয়া হবে, যাতে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া যায়।

গত শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্যাব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্সে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘দেশের উন্নয়ন টেকসই করতে হলে প্রাথমিক পর্যায় থেকেই দক্ষ ও মানবিক নেতৃত্ব গড়ে তুলতে হবে।’ এ সময় তিনি দেশের সামগ্রিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে এক সুতোয় বাঁধার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন শিক্ষাক্রমে পরিবর্তনের ইঙ্গিত অবশ্য গত ২০ মে-ই দিয়েছিলেন ববি হাজ্জাজ। সেদিন এক অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বের জন্য গড়ে তুলতে কারিকুলামে বড় পরিবর্তন আনা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই শ্রেণিতে নতুন করে চারটি বই যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বই যুক্ত হচ্ছে।’

এনসিটিবি জানায়, ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই সংশোধিত ও নির্ভুল পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। পাঠ্যবই সংশোধনের পাশাপাশি নতুন কয়েকটি বইও সংযোজন করা হচ্ছে।

চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ বইয়ে সাতটি খেলার বিষয় অন্তর্ভুক্ত থাকবে। আর ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইয়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক বিষয়, ডিজিটাল আসক্তি কমিয়ে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরির বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।

ষষ্ঠ শ্রেণির ‘আনন্দময় শিক্ষা’ বইটি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখতে পারে। পর্যায়ক্রমে অন্য শ্রেণিতেও বইটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ‘আমার কারিগরি শিক্ষা’ বইটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করার লক্ষ্যে প্রণয়ন করা হচ্ছে।

আইসিটি বইয়ের পরিবর্তন প্রসঙ্গে এনসিটিবি জানায়, বর্তমান বইগুলো আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। তাই ষষ্ঠ থেকে দশম শ্রেণির আইসিটি বই প্রায় সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হচ্ছে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

এনসিটিবি আরও জানায়, বর্তমানে ২০২৭ সালের পাঠ্যবই সংশোধনের কাজ চলছে। তবে ২০২৮ শিক্ষাবর্ষে আরও বড় পরিসরে শিক্ষাক্রম সংস্কারের পরিকল্পনা রয়েছে। সম্ভব হলে সম্পূর্ণ নতুন শিক্ষাক্রমও প্রণয়ন করা হবে।

এনসিটিবির কর্মকর্তারা জানান, নতুন বই সংযোজন ও বিদ্যমান বই সংশোধনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও যুগোপযোগী, আনন্দময় ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

এর আগে গত ১ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, ‘২০২৭ সালের কারিকুলাম পরিমার্জন ও ২০২৮ সালে নতুন কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন সময়ের অপচয় না হয়, সেই লক্ষ্যেও আমরা কাজ করছি। কারণ শিক্ষাজীবনে সময় অপচয় হলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা থেকে আমরা পিছিয়ে যাবো।’

গত ৮ জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের গুণগত প্রশিক্ষণ নিশ্চিত করা, বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ঝরে পড়া রোধসহ শিক্ষা খাতের সার্বিক উন্নয়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে প্রথমবারের মতো জিডিপির ২ শতাংশে উন্নীত করা হয়েছে। উৎস: বাংলা ট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়