শিরোনাম
◈ ক্রিকেটের মতো সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার ◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৩৬ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু 

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-বদিউজ্জামান এ্যাপো

মাহফুজুর রহমান, ঝিনাইদহ: ঝিনাইদহে বদিউজ্জামান এ্যাপো (৫০) নামে মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রথমে সাপের কামড়ে মৃত্যু বলে প্রচারের পর লাশ দাফন করা হচ্ছিল। এসময় দেখা গেলো মৃত ব্যক্তির কান ও মাথার পেছন দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার এস্তেফাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান এ্যাপো পোড়াহাটী ইউনিয়নের এস্তেফাপুর গ্রামের আমিরুল ইসলাম লতার ছেলে। 

প্রধান শিক্ষকের মৃতুর বিষয়টি প্রথমে প্রচার করা হয় শনিবার রাতে তিনি সাপের কামড়ের শিকার হন। মধ্যরাতে কিছু অজ্ঞাত যুবক বদিউজ্জামান এ্যাপোর বড় মেয়ে চৈতীকে ফোন করে জানায় তার পিতাকে সাপের কামড়েছে। খবর পেয়ে তার মেয়ে হাসপাতালে পৌঁছে অজ্ঞাত ওই যুবকদের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয় এবং বলেন “তোরা আমার পিতাকে হত্যা করেছিস”।

ঝিনাইদহ সদর হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। রহস্যময় এই মৃত্যুর ঘটনা পারিবারিকভাবে এড়িয়ে রোববার জোহর বাদ লাশ দাফনের উদ্যোগ গ্রহণ করেন। মৃত ব্যক্তির জানাজা শেষে লাশ যখন কবরস্থ করা হচ্ছিল, তখন তার মাথার পেছন ও কান দিয়ে রক্তক্ষরণ হলে উপস্থিত পুলিশ সদস্যরা দাফনে বাধা দেন এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসেন।

প্রতিবেশিরা জানান, বদিউজ্জামানের যদি সাপে কামড় দিতো তাহলে তার মুখ দিয়ে লালা ও চেহারা কালো বর্ণ ধারণ করতো। কিন্তু সাপে কাটার কোনো লক্ষন মৃত ব্যক্তির শরীরে নেই। তাছাড়া নিজের পুকুরপাড়ে দংশন করা ব্যক্তিকে কারা পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গা গ্রামে নিয়ে গেলো এ নিয়ে প্রশ্ন উঠেছে। 

রাতের আধারে ডেকে প্রধান শিক্ষক বদিউজ্জামানকে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে তার স্ত্রী পাখি খাতুন অভিযোগ করেন। 

ছোট ভাই কলেজ শিক্ষক খায়রুজ্জামান সাইফুল জানান, আমরা হাসপাতালে পৌঁছে দেখি বড় ভাই মারা গেছেন। কিভাবে ভাইয়ের মৃত্যু হয়েছে আমরা সঠিকভাবে জানি না। 

এদিকে এলাকাবাসীর অভিযোগ, মৃত প্রধান শিক্ষকের সঙ্গে স্থানীয় চেয়ারম্যানের দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জের ধরে তাকে প্রধান শিক্ষকের পদ থেকে বরখাস্ত করা হয়। তার নামে অনেক মিথ্যা মামলাও করা হয়। দীর্ঘ মামলা মোকদ্দমা শেষে আদালতের নির্দেশে সোমবার (২৬ সেপ্টেম্বর) বদিউজ্জামানের মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করার কথা ছিল। বিদ্যালয়ে যোগদানের আগেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে গ্রামবাসী সন্দেহ করছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বদিউজ্জামানের মৃত্যু রহস্যজনক। স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে তার বিরোধ ছিল বলে শুনেছি। এ কারণে তাকে প্রধান শিক্ষকের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। 

ওসি জানান, আদালতের নির্দেশে সোমবার স্কুলে যোগদান করার কথা ছিল তার। স্কুলে যোগদানের একদিন আগে তার এমন মৃত্যু আমরা রহস্যের চোখে দেখছি এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের উদ্যোগ নিয়েছি। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়