এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে পুনর্ভবা নদীতে নৌকা ডুবিতে নিমজ্জিত দুই নাতি ও স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আফজাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। মৃত আফজাল হোসেন একই ইউপি’র ধুলাতৈড় ডাঙ্গাপাড়া গ্রামের মোহাম্মদ গেদু এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউপি’র বুজরুক বসন্তপুর মাদ্রাসা সংলগ্ন পুনর্ভবা নদীতে আফজাল হোসেন, তাঁর স্ত্রী তাঁরা বেগম এবং দুই নাতি ব— মেয়ের ছেলে আলিফ (৮) ও ছেলের ছেলে সিয়াফ (৫) কে সাথে নিয়ে নদীর ওপার থেকে ডিঙি নৌকায় করে বাড়ীতে ফিরছিল। ফেরার পথে নদীতে নৌকাটি হঠাৎ ডুবে গেলে এ সময় আফজাল হোসেন তাঁর দুই নাতিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন। তিনি দুই নাতিকে আগলে ধরে রাখেন, যাতে তারা পানিতে ডুবে না যায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। তাঁদের সহযোগিতায় দুই নাতি ও তাঁর স্ত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
তবে দুই নাতিকে বাঁচানোর প্রাণপণ চেষ্টার একপর্যায়ে পানিতে ডুবে যান আফজাল হোসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন এবং দুপুর ১২ টার দিকে আফজালের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
দিনাজপুর ফায়ার সার্ভিসের লিডার ওবাইদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছাই এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। উদ্ধার কার্যক্রম শুরু করার প্রায় ৪০ মিনিট পর আমাদের ডুবরী খাদেমুল ইসলাম লাশ খুঁজে পেতে সক্ষম হয়। এর পর বিরল থানা পুলিশ পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেন।
নিজের জীবনের মায়া ত্যাগ করে দুই নাতিকে রক্ষা আফজাল হোসেনের এই ঘটনা এলাকায় শোকের আবহ সৃষ্টি করেছে। পরিবারের সদস্যদের বাঁচাতে তাঁর শেষ মুহূর্তের লড়াই এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে।