নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) : কক্সবাজারের ইনানী বিচের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ ছয় স্বজনকে হারিয়েছেন বরিশালের উজিরপুরের নুরে আলম। অফিসের কাজে ঢাকায় যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি। এ ঘটনায় তাঁর আরও তিন স্বজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নুরে আলম বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের বাসিন্দা। তিনি ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানির বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে চুয়াডাঙ্গায় কর্মরত ছিলেন।
পরিবারের সদস্য ও শ্বশুরবাড়ির স্বজনদের নিয়ে ছুটি কাটাতে কক্সবাজার যান নুরে আলম। বুধবার সবাইকে নিয়ে ইনানী বিচের একটি রিসোর্টে ওঠেন তিনি। সেখানে একদিন অবস্থানের পর প্রতিষ্ঠানের ঢাকা অফিসের কাজে স্ত্রী ফারিয়া কবির (৩৩), পাঁচ বছর বয়সী ছেলে ফাইজান নূরসহ অন্য স্বজনদের রেখে ঢাকায় চলে যান। এরই মধ্যে গত শনিবার (১৭ অক্টোবর) রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাঁর স্ত্রী, শিশুসন্তান, শ্যালক-শ্যালিকাসহ ছয় স্বজনের মৃত্যু হয়।
স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে কক্সবাজারে গিয়ে এমন মর্মান্তিক ঘটনার শিকার হওয়ায় শোকস্তব্ধ নুরে আলম। স্ত্রী-সন্তানসহ ছয় স্বজনের মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়ি উজিরপুরের গাজিরপাড় এলাকায় শোকের মাতম চলছে।
