হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ী এলাকার ২নং উত্তর কালীবাড়ী মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে জেনারেল হাসপাতাল সংলগ্ন এই মন্দির থেকে কষ্টিপাথরের কালীমূর্তি, আনুমানিক ৭-৮ ভরি স্বর্ণালংকার ও ১০ ভরি রূপার সামগ্রীসহ মূল্যবান ধর্মীয় সরঞ্জাম চুরি হয়ে গেছে।
এ ঘটনায় রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে মন্দিরের সেবায়েত ও পরিচালনা কমিটির সভাপতি কুশল চক্রবর্তী কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিত্যপূজা শেষে মন্দির ও কেচি গেটে তালা লাগিয়ে বাড়ি যান সেবায়েত দেবী প্রসাদ চক্রবর্তী (পানু)। পরদিন রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তিনি আবারও পূজা দিতে এসে দেখেন মন্দিরের মূল ফটকসহ ভেতরের সবকটি তালা কাটা। ভেতরে প্রবেশ করে দেখা যায়, কষ্টিপাথরের মূল কালীমূর্তিটি গায়েব। এছাড়া মূর্তির গায়ে থাকা প্রায় ৭-৮ ভরি ওজনের স্বর্ণালংকার, পিতলের তৈরি বিষ্ণু, রাধাকৃষ্ণ ও মনসা মূর্তি এবং মহাদেবের শিবলিঙ্গের সঙ্গে থাকা ৮-১০ ভরির রূপার সাপ চুরি হয়ে গেছে।
পরবর্তীকালে আশপাশে খোঁজাখুঁজি করে মন্দিরের পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে কষ্টিপাথরের কালীমূর্তির পায়ের পাতার অংশ এবং মহাদেবের অংশটি ভাঙা অবস্থায় উদ্ধার করা হলেও অন্যান্য মূল্যবান সামগ্রীর কোনো সন্ধান মেলেনি। মন্দির কর্তৃপক্ষের ধারণা, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রোববার ভোর সাড়ে ৫টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, "মন্দিরে চুরির খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দির কমিটির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং চুরি হওয়া মূর্তি ও মালামাল উদ্ধারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। আশা করছি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।"