জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মো. মনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বুধবার (১৩ মে) দিবাগত মধ্যরাতে ওই ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের মো. জয়নাল মৃধার ছেলে।
আমতলী থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিল সংলগ্ন মো.শামসুল হকের বাড়ির পিছনে খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় মনোয়ার হোসেনকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালেই মনোয়ার মারা যান। নিহত মনোয়ারের দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গরুতর আহত করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা পূর্ব শত্রæতার জেওে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসপাতাল থেকে মরদেহ তাদের হেফাজতে নিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাচনাইন পারভেজ বলেন, গতকাল মধ্যরাতে উপজেলার খুড়িয়ার খেয়াঘাট এলাকায় ওই হত্যাকান্ডের ঘটনাটি ঘটছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।