শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হাতে খনন করা খাল বিলুপ্তির পথে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশের কৃষি উন্নয়ন ও সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেন। সেই কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া বাজার সংলগ্ন একটি খাল তিনি নিজ হাতে কোদাল দিয়ে খনন করেন।

দেশের কৃষি বিপ্লবকে বেগবান করার লক্ষ্যে গৃহীত জিয়ার ঐতিহাসিক খালকাটা কর্মসূচির স্মৃতিচারণ করতে গিয়ে চিতলমারী উপজেলার স্থানীয় শিক্ষক আরিফুজ্জামান প্লাবণ (৩৮) বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি ছিল বাংলাদেশের কৃষি বিপ্লবের এক ঐতিহাসিক পদক্ষেপ। যদিও তখন আমার জন্ম হয়নি, তবে এলাকার প্রবীণদের কাছ থেকে শুনেছি তিনি হেলিকপ্টারযোগে বড়বাড়িয়া বাজারের পাশে অবতরণ করেন এবং নিজ হাতে কোদাল ও ঝুড়ি নিয়ে খাল খনন করেন।”

তিনি আরও বলেন, “দুঃখের বিষয়, কালের বিবর্তনে সেই খালটি এখন প্রায় মৃত। নেই আগের গভীরতা, নেই স্রোতধারা। দুই পাড়ের বহু জায়গা ভূমিদস্যুরা দখল করে নিয়েছে।” খালটি পুনঃখননের জন্য তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেন।

তৎকালীন প্রত্যক্ষদর্শী ও চিতলমারী থানা বিএনপির সভাপতি অধ্যাপক এফ. এম. ফরহাদ হোসেন মুঠোফোনে জানান, “বাগেরহাট ও তৎসংলগ্ন অঞ্চলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচির লক্ষ্য ছিল বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে সেচ নিশ্চিত করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা, যাতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। এ কারণেই তিনি সরাসরি কর্মসূচিতে অংশ নেন।”

স্থানীয় বাসিন্দা মিলু ফকির (৮০) বলেন, “সকালে শুনলাম জিয়াউর রহমান বড়বাড়িয়া বাজার সংলগ্ন খালকাটার উদ্বোধন করবেন। কিছুক্ষণ পর হেলিকপ্টারের শব্দ শুনে সেখানে গিয়ে দেখি তিনি নিজ হাতে কোদাল দিয়ে খাল কাটছেন এবং ঝুড়ি তুলে দিচ্ছেন স্থানীয় ইউপি সদস্য মালেক উকিলের মাথায়।”

স্থানীয় বিএনপি নেতা মনিরুজ্জামান খান, মো. আব্দুর রায়হান, মো. জামাল খান ও মো. শাহাদাৎ হোসেন মোল্লাসহ এলাকাবাসী খালটি পুনঃখননের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিশেষ করে পিরোজপুর ও উপকূলীয় অঞ্চলে খাল খনন কর্মসূচিতে সরাসরি অংশ নেন। ১৯৭৯ থেকে ১৯৮১ সালের মধ্যে দেশব্যাপী প্রায় ৩,৬৩৬ মাইল (প্রায় ৫,৮০০ কিলোমিটার) খাল খনন করা হয়, যা কৃষি উৎপাদন ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়