জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশের মতো চুয়াডাঙ্গার জীবননগরেও একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে ভাষাশহীদদের। শনিবার রাত ১২টা ১ মিনিটে জীবননগর উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
সবার আগে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করে জীবননগর উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, জীবননগর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিএনপি জীবননগর উপজেলা ও পৌর শাখা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জীবননগর প্রেস ক্লাব ও জীবননগর সাংবাদিক সমিতি, জীবননগর ডিগ্রি কলেজ, থানা বালিকা বিদ্যালয়, থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সাহিত্য পরিষদ ও জীবননগর অফিসার্স ক্লাব।
শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, একুশের আত্মত্যাগ বাংলা ভাষার মর্যাদা ও অস্তিত্ব রক্ষার অদম্য প্রেরণা হিসেবে নতুন প্রজন্মকে পথ দেখাবে।
শ্রদ্ধা নিবেদনকে ঘিরে পুরো উপজেলা চত্বরে ছড়িয়ে পড়ে শান্ত, গম্ভীর ও বেদনাবিধুর পরিবেশ।