পটুয়াখালীর কুয়াকাটায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে একটি দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। দোকানমালিকের অভিযোগ, হামলার সময় ক্যাশবাক্স থেকে ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কুয়াকাটা পর্যটনকেন্দ্রের ‘তানিসা আচার ঘর’ নামের ওই দোকানের মালিক মনিরুল হাওলাদার মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কুয়াকাটার হুইসেন পাড়া মহল্লার মাকসুদ আকন, শাহীন মুসল্লী, আবদুর রহিমসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন এ ঘটনায় জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁরা কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে তিনি জানান।
মনিরুল হাওলাদার বলেন, চাঁদার দাবিতে হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে এসে হঠাৎ দোকানে ঢুকে ভাঙচুর চালান। এ সময় দোকানের কর্মচারী হাসানকে পেটানো হয়। একপর্যায়ে মাকসুদ আকন নামের একজন দোকানের ভেতরে ঢুকে গালাগাল দিতে থাকেন। এ সময় দোকানের ক্যাশবাক্স থেকে ২২ হাজার টাকা ছিনিয়ে নেন। বিষয়টি তাৎক্ষণিক জরুরি মুঠোফোন সেবা ৯৯৯-এ কল করে জানানো হয়। খবর পেয়ে মহিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে মাকসুদ আকনের বক্তব্য জানতে তাঁকে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থক। তবে দলে তাঁদের কোনো পদ-পদবি নেই। ওই দোকানের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তারপরও কারও দোকানে হামলা-ভাঙচুর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখব। এ ছাড়া দলের নেতাদের জানানো হবে। কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়া হবে না।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।