চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চরম শিক্ষক সংকটে ধুঁকছে। বিদ্যালয়ের একাধিক শ্রেণিকক্ষে মাসের পর মাস ধরে কোনো পাঠদান অনুষ্ঠিত হচ্ছে না। ফলে ছাত্রীদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, আর অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অনুমোদিত শিক্ষক পদের বেশিরভাগই দীর্ঘদিন ধরে শূন্য। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস পরিচালনা করা যাচ্ছে না। বিদ্যালয়ের নতুন ভবন ও পর্যাপ্ত কক্ষ থাকা সত্ত্বেও শিক্ষক সংকটের কারণে সেগুলো অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে।
অভিভাবকরা অভিযোগ করেন, “মেয়েদের একমাত্র সরকারি স্কুল হওয়ায় আমরা অনেক ভরসা করে ভর্তি করাই। কিন্তু শিক্ষক না থাকায় ঠিকমতো ক্লাসই হয় না। এভাবে চলতে থাকলে মেয়েরা পিছিয়ে পড়বে।”
বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, “এক মাসেও অনেক সময় একটি বিষয়ের ক্লাস হয় না। পরীক্ষার সময় নিজেরাই বই দেখে প্রস্তুতি নিতে হয়। এতে পড়াশোনায় বড় ধরনের ক্ষতি হচ্ছে।”
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান সেলিম(ভারপ্রাপ্ত) বলেন, “শিক্ষক সংকট আমাদের জন্য বড় বাধা। বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। শিক্ষক নিয়োগ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন বলেন, “উপজেলার একমাত্র সরকারি গার্লস স্কুলে শিক্ষক সংকট বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। শিক্ষার মান বজায় রাখতে পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করা খুবই জরুরি। ইতোমধ্যে শিক্ষা দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়েছে। দ্রুত শিক্ষক পদায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মোঃ মোকছেদুর রহমান বলেন, “সরকারি গার্লস স্কুলে শিক্ষক সংকট একটি বাস্তব সমস্যা, এবং আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য ও সুপারিশ সংশ্লিষ্ট উচ্চ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নতুন শিক্ষক নিয়োগ ও পদায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করছি খুব শিগগিরই শিক্ষক সংকট দূর হবে এবং শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারবে। বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখতে আমরা নিয়মিত মনিটরিং করছি এবং যেকোনো সমস্যার দ্রুত সমাধানে প্রশাসন সর্বদা প্রস্তুত।”
স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ই চরভদ্রাসনের মেয়েদের শিক্ষার প্রধান ভরসা। তাই এ বিদ্যালয়কে রক্ষা করা জরুরি। শিক্ষক সংকট দূর না হলে বিদ্যালয়ের শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পাঠদান কার্যক্রম বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি—অবিলম্বে যথেষ্ট সংখ্যক শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়কে স্বাভাবিক শিক্ষার পরিবেশে ফিরিয়ে আনা হোক।