মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে গাঁজা হেরোইন ও দেশীয় অস্ত্রসহ অন্তত ১৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে এই মাদকবিরোধী অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ।
রাতে অভিযানের বিষয়ে বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, আপনারা অনেকেই এদিক দিয়ে চলাফেরা করলে অনেকেই বিভিন্ন মাদকের কথা বলে ডাকাডাকি করে এগুলো আমরা শুনতে পাই। বৃহস্পতিবার অনেকে মাদক কেনার জন্য বাড়ি থেকে এখানে আসবে বলে আমাদের কাছে তথ্য ছিল। বৃহস্পতিবারকে টার্গেট করে তারা ভেতর থেকে মাদক বিক্রির জন্য পায়তারা করে। তাদের ধরতে এডিসিসহ থানা পুলিশ ও এপিবিএন সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কয়েক কেজি গাঁজা, ইয়াবা, হেরোইন এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে একটি ট্রাঙ্ক উদ্ধার করা হয়েছে। সেই ট্রাঙ্ক থেকে মাদক এবং মাদক বিক্রির টাকা উদ্ধার করেছি আমরা। অভিযান পরিচালনা করে অন্তত ১৩ জনকে আটক করা হয়েছে।