শিরোনাম
◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতায়ও ঢাকার পাশে দিল্লি: ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল ◈ নির্বাচনী লড়াইয়ে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প ◈ ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নাম, শেষ মুহূর্তে কারা এগিয়ে? ◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা   ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে করা টেস্ট সেঞ্চু‌রি বাবা-মাকে উৎসর্গ কর‌লেন তান‌জিদ হাসান তামিম  ◈ মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৩:২৪ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: বেগমগঞ্জের ঘটনায় অপরাধীদের ক্রসফায়ার হোক, আমি তার তুমুল বিরোধিতা করি

শওগাত আলী সাগর: বেগমগঞ্জের ঘটনায় অপরাধীদের ক্রসফায়ার হোক, আমি তার তুমুল বিরোধিতা করি। আমি চাই তাদের বিচার হোক, কিন্তু ক্রসফায়ারের নামে বিচারহীনভাবে খুন করে ফেলা হোক সেটা আমি চাই না। বেগমগঞ্জের নারী নিপীড়কদের ক্রসফায়ারে দেয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই দাবি জানাতে দেখেছি। তাদের অনুভূতির প্রতি আমার সম্মান আছে। কিন্তু তাদের এই চাওয়ার সাথে আমার প্রবল দ্বিমত আছে। কেন দ্বিমত সেই কথা বলি।

জাতীয় সংসদে কোনো কোনো এমপিও ক্রসফায়ারের দাবি তুলেছিলেন। এমপি সাহেবরা আইন প্রণেতা, তারা দেশের জন্য, নাগরিকদের জন্য আইন প্রণয়ন করেন। তারা কেন বেআইনি পদক্ষেপ চান! তাও আবার আইন প্রণয়নের জন্য তৈরি সংসদ ভবনে দাঁড়িয়ে। এতে যে সংসদের অবমাননা হয়- সেটি কি তারা বুঝতে পারছিলেন না? না, কেউ তাদের বলেনি এটি সংসদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ, অবমাননা। স্পিকারও বলেননি। কারণ তারা এমন একটি বেআইনি চর্চা চান নিজেদের সুবিধার জন্য, নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য।দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারার ব্যর্থতা থেকে নাগরিকদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখার জন্য।আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফ যখন ক্রসফায়ার চান, তখনো তার উদ্দেশ্যটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। স্বার্থবাদী রাজনীতিকরা নিজেদের সুবিধামতো ব্যবহারের জন্য বেআইনি ব্যবস্থা সবসময়ই বহাল রাখতে তৎপর থাকে।

কোনো সম্পাদক- কলাম লেখক যখন ক্রসফায়ারের দাবি তুলেন-তখন তাকে আমার ধান্ধাবাজ মনে হয়। স্বার্থবাদী রাজনীতিকদের কাছ থেকে সুবিধা আদায়ের তরিকা হিসেবে ধান্ধাবাজ সম্পাদক- কলাম লেখকরা ক্রসফায়ারের পক্ষে সরব থাকেন। কোনো সাংবাদিক, রিপোর্টার যখন ক্রসফায়ারের পক্ষে কথা বলেন- তখন খানিকটা চিন্তিত হতে হয়। এই সাংবাদিক, রিপোর্টারের তো বিচারটা যাতে নিশ্চিত হয় সে জন্য সরব থাকার কথা, তারা কেন বেআইনি ক্রসফায়ারের পক্ষে কথা বলবেন!

স্বার্থবাদী রাজনীতিকরাও চায় আপনি ক্রসফায়ারের পক্ষে কথা বলেন। এতে তাদের কাজটা সহজ হয়ে যায়। বিচার ব্যবস্থাকে সক্রিয়ভাবে কাজ করতে দিতে হয় না, বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে হয় না, কার কি দায় সেইগুলো নিয়ে কথা বলতে হয় না। রাস্তা থেকে কাউকে ধরে কিংবা ঘটনায় জড়িত দু’একজনকে ক্রসফায়ারে দিয়ে দিলেই আমরা খুশি হয়ে যাই। কিন্তু সিস্টেম ঠিক না হলে, বিচার ব্যবস্থাকে নিজের পায়ে দাঁড়াতে না দিলে যে সমস্যার সমাধান হয় না- সেটা আমরা বুঝতে চাই না। আর স্বার্থবাদী রাজনীতিকরা বেআিইনি ক্রসফায়ারের অস্ত্রটাকে সুবিধামতো ব্যবহারের জন্য তুলে রাখতে পারে।

তাই বলি, ক্রসফায়ারের দাবি একদমই তুলবেন না। বরং বিচার চান। থানা পুলিশ যাতে সৎভাবে, যথাযথভাবে চার্জশিট দেয়, টাকা খেয়ে ফাঁকফোকর না রাখে তার জন্য চাপ দেন। রাষ্ট্র, সরকার যাতে সক্রিয় থাকে, কার্যকর থাকে সেটা যেন দৃশ্যমান হয়। রাষ্ট্র, সরকার সক্রিয় না থাকলে দু’একটা ক্রসফায়ারে ধর্ষণ বন্ধ হবে না। এর আগে কয়েক ধর্ষকের ক্রসফায়ার হয়েছে। তাতে কি সিলেটের ঘটনা, বেগম গঞ্জের ঘটনা থেমে থেকেছে? থাকেনি। তাই ক্রসফায়ারের দাবি নয়, বরং সরকার, রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার দাবি তুলুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়