সমীরণ রায় : শুক্রবার (২৭ ডিসেম্বর) ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, যাদের বিরুদ্ধে অপকর্মের কোনো রেকর্ড নেই তাদেরকেই মনোনয়ন দেয়া হবে। যাদের অপকর্মের রেকর্ড নেই এ ধরনের প্রার্থীদের আমরা বেছে নেব।
ওবায়দুল কাদের বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় গণভবনে মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে দুই সিটিতে ১৭২ জন কাউন্সিলর ও মেয়র প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেব। জনপ্রিয় এবং গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়ার জন্য বোর্ড বসবে। ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেয়ার বিষয়ে নেত্রীরও মাইন্ড সেট আছে।
তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে নারী-পুরুষ মিলিয়ে ১৫ জন নতুন মুখ এসেছে। কমিটি গঠনের পরপরই একটা চ্যালেঞ্জ; ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হবে। সে জন্য প্রস্তুতি নিতে হবে।
তিনি আরো বলেন, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দল থেকে আহ্বান করা হয়েছিলো। মেয়র পদে এ পর্যন্ত ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ফরম সংগ্রহ করেছে।