ইসমাঈল হুসাইন ইমু : প্রশিক্ষণের মাধ্যমে ফোর্সের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অস্ত্র চালনা সম্পর্কিত বিশেষায়িত প্রশিক্ষণ কোর্স লাইভ ফায়ারিং অনুশীলন চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার বিকেলে ডিএমপি’র পিআরএন্ডএইচআরডি বিভাগ আয়োজিত পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতি প্রাঙ্গন, পূর্বাচল, ঢাকায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।
এই প্রশিক্ষণে ৮টি ব্যাচে মোট ৪ হাজার পুলিশ সদস্যকে গ্যাসগান, শর্টগান এবং শর্টআর্মসের প্রশিক্ষণ দেয়া হবে।
এ সময় কমিশনার বলেন, ঢাকা মহানগরীর দুই কোটি মানুষের জানমালের, সরকারি সম্পদের নিরাপত্তার দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওপর অর্পিত। বিগত বছরগুলোতে এই দায়িত্ব টিম ডিএমপি’র সদস্যরা সফলতার সাথে, সাহসিকতার সাথে, পেশাদারিত্বের সাথে পালন করেছে।
তিনি বলেন, আমাদের দায়িত্ব পালনে আমরা শতভাগ সফল। এই সফলতা নির্ভর করে আমাদের নৈতিক ও মানসিক শক্তি এবং দক্ষতা ও সক্ষমতার উপর। এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর প্রতিটি সদস্য যাতে আরো বেশি পেশাদারিত্ব ও দক্ষতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে সেজন্যই এই বিশেষায়িত প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। অনুষ্ঠানে ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।