সাদিকুর রহমান সামু,কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে ৩০ বোতল ফেন্সিডিলসহ মসুদ মিয়া (২৭) নামে এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের সরিষতলার মনসুরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মসুদ মিয়া জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামের মৃত বারেক মিয়ার পুত্র।
পুলিশ জানায়,সরিষতলা এলাকা দিয়ে সিএনজি গাড়ি যোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সরিষতলা সড়কের মনসুরপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় দ্রুতগতিতে আসা একটি সিএনজি আটক করে তল্লাশী করা হলে সিএনজিতে ৩০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে সিএনজি চালক মসুদ মিয়াকে আটক করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরীর বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মসুদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।