সাব্বির আহমেদ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিবার সাক্ষাত করেছেন। তারা জানিয়েছেন, নেত্রী অত্যন্ত অসুস্থ। তাঁর বা হাত ও বাম পা প্রায় অবস হয়ে গেছে। অসহ্য ব্যথা অনুভব করছেন তিনি। তিনি বলেছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরিত বে-আইনী।
শুক্রবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার কোন চিকিৎসা হচ্ছে না। আমরা অত্যন্ত উদ্বিগ্ন তাঁর স্বাস্থ্য নিয়ে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে মিথ্যা সাজানো মামলায় শাস্তি দিয়ে কারাগারে বে-আইনীভাবে আটক রেখে তাঁকে হত্যা করার হীন প্রচেষ্টা চালাচ্ছে সরকার। দেশের সংবিধান এবং প্রচলিত আইন অনুযায়ী কোন অসুস্থ নাগরিককে সুস্থ না হলে বিচার কার্য চালানো যায় না। এটা সম্পূর্ণ অমানবিক এবং সংবিধান পরিপন্থি।
তিনি বলেন, এটা এখন স্পষ্ট যে, আসন্ন নির্বাচন থেকে দুরে সরিয়ে রেখে একতরফাভাবে নির্বাচন নিজেদের নির্বাচিত ঘোষণা করবার নীল নকশা নিয়েই এই অপপ্রয়াস চালাচ্ছে সরকার। তারা নিচে নেমে গেছে যে, একজন মারাত্মকভাবে অসুস্থ্ সাবেক প্রধানমন্ত্রীকে তারা চিকিৎসার কোনও সুযোগ দিচ্ছে না। অথচ চিকিৎসা পাওয়া তাঁর সাংবিধানিক অধিকার।
অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় সকল দায়দায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুশিয়ারি দেন বিএনপি মহাসচিব।