সান্দ্রা নন্দিনী: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেয়ার বলসোনারোকে ছুরিকাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার রিওডি জেনিরো থেকে ২শ’ কিলোমিটার উত্তরের শহর জুইজ দে ফোরাতে নির্বাচনী সমাবেশ চলাকালে তার ওপর ছুরি নিয়ে হামলা চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বলসোনারোকে পাকস্থলীর নিম্নভাগে ছুরিকাঘাত করা হয়েছে। পরে ওই দুর্বৃত্তকে গ্রেফতার করে পুলিশ।
সোশ্যাল লিবারেল পার্টি-পিএসএল’র নেতৃত্বে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা বলসোনারো। সামাজিক যোগাযোগ মাধ্যমে কট্টর ডানপন্থী এ নেতার কয়েক লাখ অনুসারী রয়েছে। অনেকে তাকে ‘ব্রাজিলীয় ট্রাম্প’ হিসেবে আখ্যা দিয়ে থাকে। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন শিথিল করার পক্ষপাতী বলসোনারো। গর্ভপাতের বিরুদ্ধেও কঠোর অবস্থান রয়েছে তার।
উল্লেখ্য, ব্রাজিলে আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইন্সটিটিউট অব পাবলিক অপিনিয়ন অ্যান্ড স্ট্যাটিস্টিকস-আইবোপ’র একটি জরিপে দেখা গেছে, প্রথম দফার নির্বাচনে ২২ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে থাকবেন বলসোনারো। বিবিসি