ডা. মো. তাজুল ইসলাম : জীবন এমনই যে কখনো কখনো তা আমাদের সহ্যসীমার বাইরে ঠেলে দেয়। কিছু সময় এরকম ধাক্কা এত প্রবল হতে পারে যে আমরা হতাশ, আশা ভঙ্গের কালো গহ্বরে নিপতিত হতে পারি। ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেছে, তার মানে এই নয় যে আপনি জীবনের পুরো হাল ছেড়ে দিবেন। আপনাকে একটু পিছিয়ে আসতে হবে এবং ওই ভয়ংকর অনুভূতিগুলোকে বের হয়ে আসতে দিতে হবে। বরং এরকম জীবন অভিজ্ঞতা আমাদেরকে আরও বলশালী করে, যাতে জীবন চ্যালেঞ্জকে আরও সক্ষমভাবে মোকাবিলা করতে পারি। এরকম ভেঙে পড়া অবস্থায় যা করবেন
এক. মনে রাখবেন ‘ফাটল’ আলো ঢোকার স্থান /সুযোগ করে দেয়। যদি মাঝে মাঝে ভেঙে না পড়েন ( জীবনে ফাটল না দেখা দেয়) আপনার অন্তর আত্মায় ‘আলো’ প্রবেশের স্থান থাকে না। হৃদয়বিদারক, মর্মান্তিক অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে জীবন-জগতের শুভ, মঙ্গলজনক দিকটি উন্মোচিত করে। সবসময় ভালো আছি, থাকব এমন নিস্তরঙ্গ জীবনে ‘বেড়ে ওঠার’ সুযোগ তেমন থাকে না, তেমনি জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর শক্তিও অর্জিত হয় না। জীবনযাত্রা সহজ হবে এই নিশ্চয়তা আমরা প্রত্যাশা করতে পারি না। যদি তেমনটি হয় আপনি ‘জীবন বদলে’ দেওয়া অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবেন। এরকম অভিজ্ঞতা যা আপনাকে ভেঙে টুকরো টুকরো করে দিবে, তা আপনাকে আরও সবল,অভিজ্ঞ মানুষে রূপান্তর করবে। যখনি হতোদ্যম হয়ে পড়বেন,বিধ্বস্ত মনে হবে, তখনই মনে রাখবেন, আপনার অনেক সুপ্ত সম্ভাবনা, সক্ষমতা ও সামর্থ্য প্রকাশের সুযোগ ঘটবে।
দুই. আপনার আবেগ, অনুভূতিকে ‘মেনে নিন’, সম্মান করুন; এসবের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না। মন ভারাক্রান্ত হয়ে আছে বা মন বিষিয়ে উঠছে, এ জন্য আশাহত হবেন না। যদি আপনি এমন অনুভব না করতেন আপনি ‘সম্পূর্ণ মানুষ’ হয়ে উঠতে পারতেন না। কিছু কিছু ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হওয়াই স্বাভাবিক। কখনো কখনো সেটি হতে পারে আর্তচিৎকার, বুক ফেটে কান্না। আপনাকে, আমাকে এসব তীব্র আবেগীয় ‘ঢেউকে’ মেনে নিতে হবে। এসব তীব্র আবেগ ভেতর ‘চেপে ’ রাখলে এর প্রবল বিরূপ প্রতিক্রিয়া হবে। তাই অন্যদের ভয়ে বা লজ্জায় নিজের আবেগ-অনুভূতি লুকিয়ে রাখবেন না। নিজের অনুভূতির সঙ্গে যুদ্ধ করতে থাকলে এক সময় মনে হবে পুরো পৃথিবীর ‘বোঝা’ কাঁধে নিয়ে হাঁটছেন।
মনের গভীরে যেখানে এসব আবেগগুলো বাসা বেঁধেছে সেখান দিয়ে ‘বীরের’ মতো হেঁটে যেতে হবে (এড়িয়ে নয়)। এর ফলে এগুলো নিয়ে কাজ করতে পারবেন, এসবকে ইতিবাচক, গঠনমূলকভাবে কাজে লাগাতে পারবেন।
লেখক : অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট