মাহাদী আহমেদ : পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে ২০১৬ সালে গৃহযুদ্ধের সময় বিদেশি সাহায্য সংস্থার নারী কর্মীদের ধর্ষণ ও স্থানীয় সংবাদকর্মীদের হত্যায় জড়িত থাকার অপরাধে ১০ জন সেনা সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে দেশটির এক সামরিক আদালত। গতকাল বৃহস্পতিবার আদালত এ রায় দেয়।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১১ জন সেনা সদস্যের বিরুদ্ধে প্রথমে অভিযোগ আনা হলেও পরবর্তীকালে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না পাওয়ায় ১ জনকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
আইনি প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত হওয়া ১০ জনকে সর্বনিম্ন ৭ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদ- প্রদান করা হয়েছে। এছাড়া আদালত বৃহস্পতিবারের রায়ে দেশটির সরকারকে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ প্রদান করেছে।
২০১৬ সালের জুলাইয়ে ঘটা এ ঘটনার প্রত্যক্ষদর্শী ‘টেরেইন হোটেলে’র ম্যানেজার মাইক উডওয়ার্ডগত বছর আদালতকে জানিয়েছিলেন, প্রায় ৫০ থেকে ১০০ জন সেনা সদস্যের একটি দল সে সময়ে হোটেলটিতে প্রবেশ করেছিল। প্রবেশের খানিক পরেই তারা হোটেলটিতে লুটপাট- তাণ্ডব চালানো শুরু করে। এ সময়ে হোটেলটিতে অবস্থানকারী ৫ জন আন্তর্জাতিক সাহায্যসংস্থার নারীকর্মীকে বেশ কিছু সেনা সদস্য ধর্ষণ করে ও জন গ্যাটলক নামক এক ব্যক্তিকে হত্যা করে।
এ ঘটনার পর ভুক্তভোগীরা ঘটনাস্থল থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যালয়ে সাহায্য চেয়ে ফোন করলেও তারা কেউ এগিয়ে আসেনি।
এ ঘটনায় দক্ষিন সুদানে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রধানকে তার পদ থেকে অপসারিত করা। - আল-জাজিরা