নূর মাজিদ: ফার্মাসিটিক্যাল কোম্পানি নোভারটিস এজি জানিয়েছে, তারা তাদের একটি অঙ্গপ্রতিষ্ঠান সান্দোজকে ভারতে অরবিন্দ ফার্মা লিমিটেডের কাছে বিক্রি করে দেবে। অরবিন্দ ফার্মা প্রায় ৯০ কোটি মার্কিন ডলারে সুইস ওষুধ কোম্পানির এই অঙ্গপ্রতিষ্ঠানটি কিনে নিচ্ছে।
এই লক্ষ্যে নোভারটিস এজি এবং অরবিন্দ ফার্মার মধ্যে একটি বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তিটির আওতায় প্রায় ৩০০ ধরনের ঔষধ উৎপাদনকারী সান্দোজকে কিনবে অরবিন্দ। এদিকে এই খবর প্রকাশের পরপরই ভারতের পুঁজিবাজারে বেড়ে গেছে অরবিন্দ ফার্মার শেয়ারের দর। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দর ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
বিনিয়োগকারীদের আশা ভারতে ব্যবসায় সম্প্রসারণে অরবিন্দ ফার্মার সঙ্গে যৌথ অংশীদারিত্বেও ওষুধ উৎপাদন শুরু করতে পারে নোভারটিস। এমন ধারণার কারণ, সুইস ফার্মা কোম্পানিটি সম্প্রতি বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোতে তাদের বাজার আরো সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে সুইস ব্যাংক ভোন্টোবেলের বিনিয়োগ বিশেষজ্ঞ স্টেফান স্নাইডার জানান, এই চুক্তিতে অবাক হবার মতো কিছু নেই। বরং, উদীয়মান দেশগুলোর বাজারে ব্যবসায়িক বিকাশের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে নোভারটিস। রয়টার্স