স্পোর্টস ডেস্ক : রজনীকান্তের প্রতি ভালোবাসা থেকে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। প্রিয় অভিনেতার নতুন সিনেমা ‘জেলার ২’ দেখতে একটি শোর সব টিকিট একাই কিনে নিয়েছেন তিনি। স্ত্রী, বন্ধু ও জাতীয় দলের সতীর্থদের নিয়ে বড় পর্দায় সিনেমাটি উপভোগ করবেন সঞ্জু।
রজনীকান্তের ভক্ত সঞ্জু ব্যস্ততার কারণে মুক্তির প্রথম দিন সিনেমাটি দেখতে পারেননি। দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ায় পিছিয়ে যায় পরিকল্পনা। এবার সেই আক্ষেপ ঘোচাতে হলের সব টিকিট কিনে বিশেষ আয়োজন করেছেন তিনি।
সঞ্জু জানিয়েছেন, রজনীকান্তের সিনেমার জন্য সব সময়ই অধীর আগ্রহে অপেক্ষা করেন তিনি। এবার দেরিতে হলেও স্ত্রী, বন্ধু ও সতীর্থদের সঙ্গে প্রিয় অভিনেতার নতুন সিনেমা দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই ক্রিকেটার।
জাতীয় দলের যেসব সাপোর্ট স্টাফ তামিল ভাষা বোঝেন, তাঁদেরও সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন সঞ্জু। রজনীকান্তের প্রতি তাঁর মুগ্ধতা অবশ্য নতুন নয়। সুযোগ পেলেই প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার।