স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হারে কঠিন হয়ে উঠেছে ফাইনালে খেলার স্বপ্ন। তবে আশা হারাচ্ছে না বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলতে চায় টাইগাররা।
তবে প্রথম ম্যাচ হারের হতাশা পেয়ে বসেছে বাংলাদেশ শিবিরে। জিম্বাবুয়ের কাছে হারের পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। হারের পরেই ক্রিকেটারদের সাথে দেখা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সেখানে কী বলেছেন তামিম ইকবাল তা জানালেন হেড কোচ ফিল সিমন্স।
সংবাদ সম্মেলনে তামিমের সাথে কথা বলার বিষয়ে তিনি বলেন, ‘বার্তা হলো কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া, নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাওয়া এবং বোঝা যে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি এবং কত মিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করছি এবং সবাই আমাদের সফলতা দেখতে চায়। তাই আমার মনে হয় এটাই ছিল তার প্রধান বার্তা।
জিম্বাবুয়ের কাছে হারের পর হতাশ হয়েছেন সমর্থকরা। বিশেষ করে প্রবাসী সমর্থকরা। যারা নানা কষ্ট করে এবং অর্থ ব্যয় করে বাংলাদেশের খেলা দেখতে আসেন। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকেই করেছেন ক্ষোভ প্রকাশ।
তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ভালো করে দর্শকদের আনন্দ দিতে চান সিমন্স। তিনি বলেন, ‘আসলে, দর্শকরা খুশি হতে পারেন না যদি আমরা ম্যাচ হারি এবং যেভাবে আমরা হেরেছি। তাই আমি তাদের প্রতি সহানুভূতিশীল, আমি বুঝি তারা কী অনুভব করে, কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করব যাতে তারা শারজাহতে এমন অনুভব না করে।
আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের ফাইনালে খেলতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে টাইগারদের।