নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘ ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন। তবে তিনি বাসভবনে বসে নেই। দেশে ফিরেই ক্রিকেট মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন সাবেক এই ক্রিকেটার। গত ১৬ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করা বিসিবি প্রধান আজ রোববার (২৯ মার্চ) ভোররাতে ঢাকায় পৌঁছান।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দিয়ে জাপান হয়ে আজ দেশে ফেরেন বুলবুল।
দেশে ফিরে দুপুরেই মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন বিসিবি সভাপতি। মাঠে এসে বোর্ড পরিচালকদের সঙ্গে নিয়ে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প পরিদর্শন করেন বুলবুল। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ক্রিকেটাররা এখন ব্যস্ত সময় পার করছেন ফিটনেস অনুশীলনে।
অনুশীলন দেখার পাশাপাশি জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেছে বিসিবি সভাপতিকে। এছাড়া কন্ডিশনিং ক্যাম্পে থাকা ক্রিকেটারদের সঙ্গেও কুশল বিনিময় করেন এবং তাঁদের প্রস্তুতির খোঁজখবর নেন।