শিরোনাম
◈ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এলডিসি ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ◈ জাতীয় পরিবেশ পদক ২০২৫ পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, জানুন পুরস্কারজয়ী প্রতিষ্ঠানগুলোর পরিচয় ◈ সংস্কার অব্যাহত থাকলে অর্থনীতি হবে আরও স্থিতিশীল: এডিবি ◈ আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম (ভিডিও) ◈ শুধু গাছ লাগালেই হবে না, তা বাঁচিয়ে রাখাও জরুরি: প্রধানমন্ত্রী ◈ মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে: জোহরান মামদানি ◈ জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী ◈ যে ৪ দেশ সেমিফাইনাল খেলবে, জানাল সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী ◈ আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, আগামী সপ্তাহে ঘোষণার সম্ভাবনা ◈ নদী বাঁচাতে না পারলে খাদ্য নিরাপত্তা রক্ষা সম্ভব নয়, সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৫:০১ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পরিবেশ পদক ২০২৫ পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, জানুন পুরস্কারজয়ী প্রতিষ্ঠানগুলোর পরিচয়

পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন।

ব্যক্তিগত ক্যাটাগরিতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অবদানের জন্য পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন মো. মনির হোসেন। আর পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য পদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুস সালাম।

প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য পদক পেয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। আর পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে জাতীয় পরিবেশ পদক পেয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)।

এছাড়া বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতটি ক্যাটাগরিতে মোট ২১ জনকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।

পদকজয়ী তিন প্রতিষ্ঠানের পরিচয়

ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড

ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড (সিএইচপি) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় হস্তশিল্প ও হোম-ফার্নিশিং পণ্য প্রস্তুতকারী এবং রফতানিকারক প্রতিষ্ঠান। ২০০৮ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তু ব্যবহার করে হাতে তৈরি ও মেশিনে বোনা বিভিন্ন পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে রফতানি করে। রাজধানীর মতিঝিলে এর প্রধান কার্যালয় এবং নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় উৎপাদনকেন্দ্র রয়েছে।

ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের যাত্রা শুরু হয় ১৯৭৬ সালে বনবিদ্যা ইনস্টিটিউট হিসেবে। ১৯৯৬ সালে এর বর্তমান নামকরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে অবস্থিত এ প্রতিষ্ঠানটি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানে উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বন ও পরিবেশ বিষয়ে দক্ষ গ্র্যাজুয়েট তৈরিই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) দেশের পাট ও পাটজাতীয় আঁশ ফসলের গবেষণার প্রধান সরকারি প্রতিষ্ঠান। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। উন্নত জাত উদ্ভাবন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি উন্নয়ন এবং পাটশিল্পের বিকাশে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। রাজধানীর শেরেবাংলা নগরে এর প্রধান কার্যালয় অবস্থিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়