স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১ এপ্রিল) জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধে গোল করেন নিকোলাস ওতামেন্দি ও ভ্যালেন্টিন বার্কো। বাকি গোলটি জাম্বিয়ান ডিফেন্ডার ডমিনিক চান্দার আত্মঘাতী।
মার্চের আন্তর্জাতিক উইন্ডোর দুই ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা। এর আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল তারা। ২০২৬ বিশ্বকাপের আগে সূচি অনুযায়ী এই দুটিই ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ খেলা।
দেশের মাটিতে এটিই মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ছিল। ঘরের মাঠের দর্শকদের সামনে নিজেকে উজাড় করে দিয়েই খেলেছেন এই মহাতারকা। ৪ মিনিটে দলের প্রথম গোলের উৎস ছিলেন তিনিই।
লিয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে দূরপাল্লার পাস পেয়ে জাম্বিয়ার বক্সে বল ফেলেন মেসি। ডান পায়ের জোরাল শটে বক্সের ভেতর থেকে গোল করেল আলভারেজ। প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে নিজের নাম স্কোরকার্দে তোলেন মেসি। -- সময়নিউজ
জাম্বিয়ার বক্সে ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ওয়ান-টু খেলে নিচু শটে গোলটি করেন। আকাশি-সাদা জার্সিতে এটিই হয়ত দেশের মাটিতে মেসির শেষ গোল। এই নিয়ে ৪০টি জাতীয় দলের বিপক্ষে গোল করলেন মেসি, আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে যা সর্বোচ্চ।
৫০ মিনিটে আর্জেন্টিনাকে পেনাল্টি এনে দেন থিয়াগো আলমাদা। জাম্বিয়ার ডি-বক্সে ফাউলের শিকার হয়েছিলেন তিনি। পেনাল্টি থেকে গোল করেন ওতামেন্দি। মেসির মতো দেশের মাটিতে তারও এটিই শেষ ম্যাচ। আর্জেন্টিনার চতুর্থ গোলটি আসে আত্মঘাতী খাত থেকে। রক্ষণভাগে ক্রমাগত চাপ বাড়লে শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান চান্দা।
যোগ করা সময়ে জাম্বিয়ার জালে শেষ গোলটি করেন বার্কো। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বকাপের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। যার মধ্যে একটি ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ সার্বিয়া। অপর ম্যাচের প্রতিপক্ষ কে হবে তা অবশ্য জানা যায়নি। আগামী ১১ জুন উত্তর আমেরিকায় বসবে এবারের বিশ্বকাপের আসর।