শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৬, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত ট্রেনের ৩ বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত অবস্থায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের হাসানপুর স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বগি বিচ্ছিন্ন হয়ে ট্রেনটির সামনের অংশ প্রায় এক কিলোমিটার দূরে চলে গেলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও ভোগান্তি সৃষ্টি হয়।

রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৬টা ৫ মিনিটে কুমিল্লার হাসানপুর রেলস্টেশন অতিক্রম করে। স্টেশন ছাড়ার কিছু দূর পর হাসানপুর ও গুণবতী স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনটির পেছনের তিনটি বগি মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ইঞ্জিনসহ সামনের অংশ প্রায় এক কিলোমিটার এগিয়ে যাওয়ার পর চালক বিষয়টি বুঝতে পারেন।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, হঠাৎ বিকট শব্দে বগিগুলো আলাদা হয়ে গেলে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন। পরে চালক ট্রেনের সামনের অংশ থামিয়ে ধীরে ধীরে পেছনে ফিরে আসেন।

হাসানপুর রেলস্টেশন মাস্টার নাসির উদ্দিন বলেন, ঘটনাটি স্টেশনের বাইরে ঘটেছে। খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযোগের কাজ শুরু করেন। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর বগিগুলো যুক্ত করা সম্ভব হয় এবং ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রামমুখী (ডাউন লাইন) ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল উদ্দিন।

বিচ্ছিন্ন হওয়া বগিগুলোর পাশে ‘গার্ড ব্রেক’ বগি ছিল, যেখানে ট্রেন পরিচালনা সংক্রান্ত কার্যক্রম ও যাত্রীসেবার জন্য ক্যান্টিন থাকে। যাত্রীদের অভিযোগ, বগির সংযোগ (কাপলিং) সঠিকভাবে না করার কারণেই এ ঘটনা ঘটেছে, যা রেলকর্মীদের গাফিলতির ফল।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি যান্ত্রিক ত্রুটি নাকি অবহেলার কারণে ঘটেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়