দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিভিন্ন কনটেন্ট ও ব্যক্তিগত কারণে বিভিন্ন সময় আলোচনায় আসেন হিরো আলম। এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছেন তিনি। এর আগে কয়েকবার নানামাত্রিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এবার সেই ধারাবাহিকতায় আসছে সংসদ নির্বাচনে এমপি পদে লড়বেন বলে আশা ব্যক্ত করেছে তিনি।
তফসিল ঘোষণার পর তিনি আনুষ্ঠানিকভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। তবে এবার আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, দলীয় প্রতীকেই লড়তে পারেন বলে জানিয়েছেন হিরো আলম। তবে কোন দল থেকে তিনি প্রার্থী হবেন এখনো ঠিক করেননি। জানিয়েছেন, এরইমধ্যে ৪টি দল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি।
তিনি বলেন, স্বতন্ত্র হিসেবে আমি কয়েকবার নির্বাচন করেছি। এবার কিছু রাজনৈতিক দল আমাকে তাদের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। তবে কোন দল থেকে নির্বাচন করব এটা এখনই বলতে চাই না। সময় হলে জানাবো।
হিরো আলমের ভাষায়, চারটি দলের নেতারা আমার সঙ্গে দেখা করেছেন, ফোনেও কথা বলেছেন। তারা সবাই আমাকে তাদের দল থেকে নির্বাচন করতে বলছেন। আমি সবার প্রতিই শ্রদ্ধাশীল। প্রত্যেক দলের পক্ষ থেকেই তাকে মনোনয়নের নিশ্চয়তাসহ অফার দেওয়া হয়েছে। তবে আমি কাউকে এখনই প্রতিশ্রুতি দিইনি। আমি জনগণের স্বার্থ দেখেই সিদ্ধান্ত নেবো।
কোন কোন দল যোগাযোগ করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি যে চারটি দলের নাম উল্লেখ করেন সেগুলো হলো- গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি।
হিরো আলম বলেন, দল যেটিই হোক, আমার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা। আমাকে যে দলই নিক, আমি যেন মানুষের পাশে থাকতে পারি, সেটাই মুখ্য। উৎস: নিউজ২৪