ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে মধ্যরাতে গাছ কেটে, আগুন জ্বালানো ও বালু ফেলে যান চলাচলে বাধা দেওয়া হয়েছে। রোববার গভীর রাতে কুষ্টিয়া–ঢাকা মহাসড়কের কয়েকটি জায়গায় গাছ কেটে, আগুন লাগিয়ে এবং ট্রাকভর্তি বালু ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেন দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রোববার গভীর রাতে ঢাকা–কুষ্টিয়া মহাসড়কের নওদাপাড়া এলাকায় ট্রাকভর্তি বালু ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকা–বগুড়া–পাবনা ও রাজশাহীমুখী এবং উত্তরবঙ্গ থেকে কুষ্টিয়া বা দক্ষিণবঙ্গগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে প্রায় তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়।
অন্যদিকে একই মহাসড়কের সড়াইকান্দি এলাকায় সড়কের পাশের গাছ কেটে এবং আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়া হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায় এবং বালু ও গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
রূপপুর মর্ডান ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মী রাকিব বিশ্বাস জানান, ‘রাত পৌনে তিনটার দিকে বালু ফেলে সড়ক অবরোধের খবর পান তাঁরা। এরপর থানা পুলিশের সহায়তায় মহাসড়ক থেকে বালু সরাতে শুরু করেন। এতে দুই ঘণ্টার বেশি সময় লাগে। এ সময়ে সড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার যানজট তৈরি হয়।’
পাকশী হাইওয়ে থানার ওসি ইজাজ আহম্মেদ বলেন, ‘দুষ্কৃতিকারীরা বালু ফেলে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান, আড়াই ঘণ্টা পরে বালু সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হন।’
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, রাতে টহল ডিউটির সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম অনিক বলেন, গভীর রাতে সহকর্মীদের মাধ্যমে জানতে পারেন দাশুড়িয়া–ঢাকা মহাসড়কের সড়াইকান্দি এলাকায় কোবাদ ফিলিং স্টেশনের কাছে নিষিদ্ধ
সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মহাসড়কে আগুন দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে একজনকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশের হাতে তুলে দেন।