ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে দিনদুপুরে ডাকাতি ঘটেছে। শনিবার উপজেলা সদরের শেরশাহ রোডে আল্পনা খাতুন ও তাঁর দুই সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ছয় ঘণ্টা লুটপাট চালায় সশস্ত্র ডাকাতরা।
স্থানীয়রা জানায়, দুপুর ৩টার দিকে তিন-চারজন লোক পানির কথা বলে বাড়িতে প্রবেশ করে। ঘরে ঢুকতেই তারা অস্ত্র দেখিয়ে পরিবারের তিনজনকে জিম্মি করে। ডাকাতরা আলমারি ভেঙে প্রায় পাঁচ লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকার এবং মোবাইল ফোন নিয়ে যায়। বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তারা বাড়ির ভেতরই ছিল।
লুটপাট শেষে তিনজন নিচে নেমে গেলেও ভেতরে একজন ডাকাত থাকে। সুযোগ বুঝে আল্পনা খাতুন বাইরে থেকে দরজা আটকে দিলে ডাকাত ক্ষিপ্ত হয়ে দরজা ভাঙার চেষ্টা করে। এ সময় ছেলে আনুপম আহমেদ গৌরব রড দিয়ে তার মাথায় আঘাত করলে ওই ব্যক্তি গুরুতর আহত হয়। এরপর আল্পনা দরজা খুলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। তখন ওই ব্যক্তি রান্নাঘরের গ্রিল ভেঙে পালিয়ে যায়।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে একটি বিদেশি পিস্তল, গুলি ভর্তি ১২ রাউন্ডের ম্যাগাজিন এবং ডাকাতদের ফেলে যাওয়া নম্বরবিহীন মোটরসাইকেল।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। অপরাধীদের সহযোগীদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’