বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। পরে তাকে বিমানবন্দর থেকে ফিরে যেতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, মাহদী হাসানের বিদেশ ভ্রমণের বিষয়ে আপত্তি রয়েছে। এ কারণে তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি এবং বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।
মাহদী হাসান নিজেও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯টা ৩৫ মিনিটে তাঁর জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে তাঁকে যেতে দেওয়া হয়নি।
মাহদীর দাবি, তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাঁকে বিদেশ যেতে দেওয়া হয়নি।
তিনি আরও জানান, দেশের বাইরে যেতে পুলিশের পক্ষ থেকে তাঁকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরে তিনি বিমানবন্দর এলাকা থেকে চলে যান।
তবে এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।