মোঃ রফিকুল ইসলাম মিঠু: রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় নগরীর বিভিন্ন থানায় মোট ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিএমপি সূত্রে জানা যায়, নগরীর বিভাগভিত্তিক অভিযানে মিরপুরে সর্বোচ্চ ১১৪ জন এবং মতিঝিলে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া লালবাগে ৫৫ জন, ওয়ারীতে ৫৯ জন, তেজগাঁওয়ে ৬০ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গুলশানে ২৯ জন, রমনা বিভাগে ২১ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানকালে পুলিশ একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, চারটি ছুরি ও একটি স্টিলের কাটার উদ্ধার করে। পাশাপাশি উদ্ধার করা হয় ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা ও ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।