শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি ‘বজরঙ্গি ভাইজান’

আমাদের সময় : বলিউড তারকা সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাটি দেখে আবেগাপ্লুত হয়েছিলেন অনেক দর্শক। সিনেমায় ভুল করে ভারতে ঢুকে পড়া এক পাকিস্তানি শিশুকে তার দেশে ফেরাতে ‘বজরঙ্গি ভাইজান’-রূপী সালমানকে নানা সংগ্রাম করতে দেখা যায়। এবার যেন বাস্তবেই সেই একই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আরিফুল ইসলাম নামে এক বাংলাদেশি তরুণ। সীমান্ত পেরিয়ে ভুল করে বাংলাদেশে ঢুকে পড়া মূক ও বধির এক ভারতীয় তরুণকে তার পরিবারের কাছে ফেরাতে সংগ্রাম করে যাচ্ছেন তিনি। ওই তরুণের ছবি নিয়ে পশ্চিমবঙ্গে গিয়ে পথে পথে ঘুরছেন তিনি। আরিফুলের এই মহানুভবতা নিয়ে গতকাল খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, কখনো পথচলতি মানুষকে, কখনো চা বা মুদির দোকানে ঢুকে একটা ছবি দেখিয়ে এক যুবক জানতে চাইছেন ‘দেখুন, ছেলেটাকে চিনতে পারছেন?’ কেউ বিরক্ত হচ্ছেন, কেউবা মাথা নেড়ে বলছেন ‘চিনতে পারছি না তো!’ পশ্চিমবঙ্গে নদিয়ার হাঁসখালিতে ছবি হাতে ঘোরা যুবকের নাম আরিফুল ইসলাম; বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ার দামুড়হুদা থানার ছয়ঘরিয়া গ্রামে। নদিয়ার কৃষ্ণগঞ্জে গেদে চেকপোস্ট থেকে তাদের গ্রাম দুই কিলোমিটার দূরে। অনেক কষ্টে টাকা জমিয়ে ভারতে আসার পাসপোর্ট-ভিসা করিয়েছেন তিনি। গত মঙ্গলবার গেদে চেকপোস্ট হয়ে ভারতে ঢোকেন আরিফুল। উদ্দেশ্য, এক দিন আচমকা খুঁজে পাওয়া মূক-বধির তরুণকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবেন।

আরিফুল জানান, কিছুদিন আগে ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা জমিতে চাষ করছিলেন তিনি। হঠাৎই দেখতে পান, মাঠের মাঝে বসে কান্নাকাটি করছে এক তরুণ। তার সন্দেহ হয়, কোনোভাবে সীমান্ত পেরিয়ে তরুণটি বাংলাদেশে ঢুকে পড়েছে। কাছে গিয়ে নাম-ঠিকানা জানতে চান। কিন্তু প্রশ্নের উত্তর মেলেনি। ধীরে-ধীরে আরিফুল বুঝতে পারেন, ছেলেটি শুনতে বা বলতে পারে না। তাকে তিনি বাড়ি নিয়ে যান। সেই থেকে ওই বাড়িতেই রয়ে গিয়েছে ছেলেটি। আরিফুলের মা আঞ্জু বিবি আদর করে তার নাম রেখেছেন ‘মনসুর’। যদিও ওই তরুণ আসলে হিন্দু বলে তাদের ধারণা। কিন্তু হিন্দু-মুসলিম তাদের চিন্তার মধ্যে কোনো দিনই ছিল না।

আরিফুল বলেন, ‘তরুণটি প্রথমদিন থেকে আঙুল দিয়ে শুধু ভারতের দিকে দেখাত। সেই কারণেই ভারতে ওর বাড়ি খুঁজতে এসেছি।’ মনসুর জানান, তারা ছয় ভাই, মনসুরকে নিয়ে সাত। দরিদ্র কৃষক পরিবার। এতদিন পয়সা জোগাড় করে ভারতে আসতে পারেননি। তবে মনসুরের মনখারাপ তাকে আসতে বাধ্য করেছে। আরিফুল বলেন, ওকে রোজ চোখের জল ফেলতে দেখে মা ঠিক থাকতে পারে না। বলেছে যেমন করেই হোক ভাইকে তার পরিবারের কাছে ফেরাতে হবে। আপাতত হাঁসখালির কমলপুর গ্রামে এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে উঠেছেন আরিফুল। মঙ্গলবার সন্ধ্যা থেকেই বেরিয়ে পড়েছেন ছবি হাতে। বৃহস্পতিবারের মধ্যে চষে ফেলেছেন কমলপুর, গাজনা, বগুলা, মাজদিয়া, এমনকি সীমান্ত লাগোয়া বানপুর বাজারও। আরও কয়েকদিন খোঁজাখুঁজি করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়