স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। পুরো সিরিজজুড়ে দুর্দান্ত বোলিং করেছে টাইগার পেসাররা। যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার।
প্রায় দুই বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরে খুবই কিপ্টে বোলিং করেছেন শরীফুল। নাহিদ রানা দেখিয়েছেন গতির ঝড়। আর মাত্র এক ম্যাচ খেলা মুস্তাফিজ আবারও প্রমাণ করেছেন কেনো তিনি বিশ্বসেরা। সিরিজে এই তিন পেসার মিলে শিকার করেছেন ১৮ উইকেট। --- ডেইলি ক্রিকেট
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৮ নম্বরে এখন শরীফুল। বাংলাদেশিদের মধ্যে তার আগে আর নেই কেউ। মুস্তাফিজেরও হয়েছে উন্নতি। ১৪ ধাপ লাফ দিয়ে ৪১ নম্বরে অবস্থান করছেন টাইগার এই পেসার। তবে সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাহিদ রানা। কিউইদের বিপক্ষে সিরিজ সেরা হওয়া নাহিদ ১৬ ধাপ এগিয়ে ঢুকেছেন শীর্ষ পঞ্চাশে। বর্তমানে ৪৮ নম্বরে অবস্থান করছেন তিনি।
এদিকে, ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত। একটি ফিফটির পাশাপাশি করেছেন একটি সেঞ্চুরি। তাতেই ১১ ধাপ এগিয়ে ৩২তম শান্ত, আর ১৫ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে লিটন দাস।
সিরিজ নির্ধারনী ম্যাচে ২ উইকেট শিকার করে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে মেহেদী হাসান মিরাজ।
এদিকে, প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিংয়ের সুফল পেয়েছেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। একধাপ করে এগিয়ে ৩৯ ও ৪০ নম্বরে দুজন। বোলারদের মধ্যে এক ধাপ এগিয়ে ১৮তম শেখ মাহেদী হাসান।