শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন সাবেক সেনাসদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা পিবিআইয়ের পরিদর্শক মো. তারিকুল ইসলাম।
ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ পাওয়া দুই সন্দেহভাজন হলেন—সিরাজগঞ্জ জেলার মেঘাই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে জাহিদুল ইসলাম এবং কুমিল্লার রাজাপাড়া লক্ষ্মীনগর গ্রামের এম এ হান্নানের ছেলে ফয়সাল আহমেদ রাব্বী।
তারা দুজনই সাবেক সেনাসদস্য। তদন্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (১ নম্বর আমলি আদালত) বিচারক মুমিনুল হক এ আদেশ প্রদান করেন। তদন্তের প্রয়োজনে পিবিআই আদালতের কাছে আবেদন করলে আদালত তাদের ডিএনএ নমুনা সংগ্রহের অনুমতি দেন।
তিনি আরও জানান, এর আগে মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান, সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সাবেক সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। এদিকে, মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহিন আলম বর্তমানে কুয়েতে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে জাহিদুজ্জামান কোথায় রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে ব্যাপক খোঁজাখুঁজির একপর্যায়ে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ নয় বছরেও বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় তনুর পরিবারসহ দেশবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা রয়েছে। মামলাটির সুষ্ঠু ও দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করার দাবি এখনো অব্যাহত রয়েছে।