শিরোনাম
◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০১:৪৬ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে থাকা কণ্ঠশিল্পী মমতাজকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মো. মুক্তার হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মমতাজকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. আজিজুল হক। শুনানিতে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আবেদন সমর্থন করেন। অন্যদিকে, মমতাজের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে মমতাজের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন এবং পরবর্তী সময়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বাদী ও ভুক্তভোগী মুক্তার হোসেন মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সড়ক এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন মুক্তার হোসেন। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

লোকসংগীতশিল্পী মমতাজ বেগম ২০০৯ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। পরে ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সালেও একই আসনে জয় পান। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়