মহান বিজয় দিবস নিয়ে ‘অশ্লীল মন্তব্য’ ও ‘কটূক্তির’ প্রতিবাদ জানিয়ে ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুতুল দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে কুশপুতুল দাহ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের ‘পিনাকীর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘পাকিস্তানিদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইলিয়াসের দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দিতে দেখা যায়।
এই কর্মসূচির আয়োজকদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী। তিনি বলেন, পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসেন মহান বিজয়ের মাসে ১৬ ডিসেম্বর নিয়ে অশ্লীল ও অশ্রাব্য কথাবার্তা বলেছেন।
তিনি বলেন, সেই কথার প্রতিবাদ জানিয়ে আমরা কুশপুতুল দাহ করেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে এসব কথা মেনে নিতে পারি না।
সূত্র: বাংলা নিউস ২৪