হত্যার অভিযোগে মার্কিন সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য ইন্টারনেটে সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ।
তেসরা ডিসেম্বর, সাবেক মার্কিন সেনা কর্মকর্তা মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফায়ারিং স্কোয়াড বা গুলি করে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যা সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দাবি, এই দৃশ্য অনলাইনে সম্প্রচার করা হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে ভূমিকা রাখবে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এ পরিকল্পনাকে সমর্থন করেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনো বাকি।
পরিকল্পনা অনুযায়ী সম্প্রচার করা হলে, যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের এটাই হবে প্রথম ঘটনা।
মৃত্যুদণ্ড কার্যকরের এমন দৃশ্য প্রকাশের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন অনেকে। এ উদ্যোগের আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
কিন্তু কে এই নিদাল হাসান? কেন তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার?
কার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে?
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা নিদাল হাসান সাবেক সেনা কর্মকর্তা ও মনোরোগ চিকিৎসক।
হাসানের আইনজীবী জন গ্যালিগান বিবিসিকে জানান, এ সপ্তাহে পেন্টাগনের প্রধান মুখপাত্রের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট দেখে তিনিই প্রথম হাসানকে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের তারিখের কথা জানান।
গ্যালিগানের ভাষায়, পুরো ঘটনাটিকে 'কার্নিভাল' বা উৎসবের মতো করে তোলা হচ্ছে। তিনি বলেন, 'পুরোনো দিনে যে ধরনের গণপিটুনির মানসিকতা দেখা যেত, এটি তার সবচেয়ে কাছাকাছি।'