স্পোর্টস ডেস্ক : মার্কিন মুলুকে ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর ৬দিন। ইতিমধ্যেই মেগা টুর্নামেন্টের টিকিটের দাম নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। এবার বিরাট ত্রুটি দেখা গেল টিকিট কাটার ওয়েবসাইটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে দর্শকরা বিনামূল্যে পেয়ে গেলেন বিশ্বকাপের টিকিট। জানা গিয়েছে, অন্তত ৬০ জন ফুটবলপ্রেমী টিকিট কেটেছেন। বিনিময়ে একটি পয়সাও খরচ করতে হয়নি তাঁদের। প্রশ্ন উঠছে, বিশ্বকাপের মতো বিরাট মাপের টুর্নামেন্টের টিকিট কাটা নিয়ে এহেন চূড়ান্ত অব্যবস্থা কেন?
মাসখানেক আগে বরেণ্য কোচ পেপ গুয়ার্দিওলা তোপ দেগেছিলেন ফিফাকে। তাঁর অভিযোগ, বহু বছর আগে বিশ্বকাপ ছিল ফুটবলকে উপভোগ করার মঞ্চ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা আসতেন, নিজের প্রিয় দলকে সমর্থন করতে। কিন্তু আধুনিক যুগে ফুটবল বিত্তশালীদের খেলায় পরিণত হয়েছে। কারণ আসন্ন বিশ্বকাপে টিকিটের দাম আমজনতার ধরাছোঁয়া থেকে বহুদূরে। পরিসংখ্যান বলছে, চার বছর আগের চেয়ে প্রায় আটত্রিশগুণ বেশি দামে বিকোচ্ছে বিশ্বকাপের টিকিট।
এহেন পরিস্থিতিতে হাতে প্রায় চাঁদ পেয়ে গিয়েছেন ৬০ জন ফুটবলপ্রেমী। ওয়েবসাইট থেকে তাঁরা বিশ্বকাপের টিকিট কেটেছেন। কিন্তু চেকআউটের সময়ে তাঁদের থেকে ০ ডলার চাওয়া হয়। অর্থাৎ বিনামূল্যে টিকিট পেয়ে যান তাঁরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল হইচই। গাঁটের কড়ি খরচ করে যাঁরা টিকিট কেটেছেন, সকলে ক্ষোভে ফেটে পড়েন। জানা গিয়েছে, কানাডার টরন্টোয় আয়োজিত ম্যাচগুলির ক্ষেত্রেই টিকিটের এমন কাণ্ড ঘটেছে।
তবে গোটা বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছে ফিফা। জানানো হয়, ওয়েবসাইটে কিছু প্রযুক্তিগত ত্রুটির জেরেই টিকিট বিনামূল্যে বিক্রি হয়ে গিয়েছে। আপাতত সাতদিন সময় দেওয়া হয়েছে ওই ৬০ জন ফুটবলপ্রেমীকে।
এর মধ্যে তাঁদের টিকিটের নির্ধারিত দাম মেটাতে হবে। তা না হলে টিকিট কেড়ে নেওয়া হবে তাঁদের থেকে। ইতিমধ্যেই টিকিট বিক্রি নিয়ে বড় আইনি জটিলতায় পড়েছে ফিফা। টিকিটের অতিরিক্ত দাম নিয়ে আমেরিকার আদালত তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ামক সংস্থার বিরুদ্ধে। ম্যাচগুলির টিকিট বিক্রির পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।